টোটো স্ট্যান্ড ঘিরে উত্তেজনা, মুখোমুখি টোটোচালক ও পুজো কমিটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ
জেলার রায়না ১ নম্বর ব্লকের মিরেপোতা বাজারের নেকড়াইচণ্ডী তলায় টোটো স্ট্যান্ডকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বুধবার। দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা একটি জায়গাকে ঘিরে টোটোচালক ও স্থানীয় পুজো কমিটির মধ্যে শুরু হয় বিরোধ। ঘটনাস্থলে পৌঁছোয় পূর্ব বর্ধমান জেলার সেহারাবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ওই ফাঁকা জায়গায় দুর্গাপুজো, কালীপুজো ও বারোয়ারি নেকড়াইচণ্ডী পুজোর আয়োজন শুরু হয়। সেই সময় থেকে পুজো কমিটি জায়গাটি ঘিরে দেয় এবং সেখানে টোটো রাখা বন্ধ করে দেয়। এরপর থেকেই টোটোচালকরা একাধিকবার জায়গাটি ফের ব্যবহারের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কিছু টোটোচালক পুনরায় ওই জায়গায় টোটো রাখা শুরু করেন। অভিযোগ, এরপরই পুজো কমিটি স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে এবং থানায় অভিযোগ জানায়। পরে সেহারাবাজার পুলিশ ফাঁড়ির পুলিশের উপস্থিতিতে জায়গাটি পুনরায় ঘিরে পুজো কমিটির হাতে তুলে দেওয়া হয় বলে জানা যায়।
এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়। টোটোচালকদের একাংশের অভিযোগ, ওই জায়গায় টোটো রাখতে গেলে বিজেপির কিছু কর্মীকে ১০ থেকে ২০ টাকা করে দিতে বলা হচ্ছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মীদের দাবি, “আমাদের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমরা কারও কাছ থেকে কোনও টাকা চাইনি। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।” অন্যদিকে পুজো কমিটির সদস্যদের বক্তব্য, “জায়গাটি আমাদের পুজোর জন্য ব্যবহৃত হয়ে আসছে। সেই জায়গা আমাদের ফিরিয়ে দিতে হবে, না হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।” এদিকে টোটোচালকদের দাবি, “ওই জায়গায় টোটো রাখতে না দিলে আমাদের রোজগার বন্ধ হয়ে যাবে। আমরা অনাহারে মরবো।” বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।


