খণ্ডঘোষের জনসভা থেকে উন্নয়ন ও প্রতিশ্রুতির বার্তা মুখ্যমন্ত্রীর


খণ্ডঘোষের জনসভা থেকে উন্নয়ন ও প্রতিশ্রুতির বার্তা মুখ্যমন্ত্রীর

খণ্ডঘোষ ব্লকের লোধনা ফুটবল মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয় এই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভামঞ্চ থেকেই উন্নয়ন, সামাজিক প্রকল্প এবং বিরোধীদের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস প্রার্থী নবীনচন্দ্র বাগের সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক মানুষ।
মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা যা বলি, তা করে দেখাই। নতুন করে বলার কিছু নেই—রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই করা হয়েছে। তিনি দাবি করেন, মানুষের জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছে রাজ্য সরকার। আগামী দিনেও সেই ধারা বজায় থাকবে।
কৃষকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আলু চাষিদের জন্য বীমা ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে ফসল নষ্ট হলেও তারা ক্ষতিগ্রস্ত না হন। “আলু নষ্ট হলে সরকার কিনে নেবে”—এই আশ্বাসও দেন তিনি। পাশাপাশি ক্ষেতমজুরদের জন্য বছরে চার হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। যার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
বিরোধী দল বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা ভোটের সময় আসে, তারপর আর দেখা যায় না। বড় বড় কথা বলে, কিন্তু কাজ করে না।” বন্যা পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে থাকার বদলে বিজেপি নেতৃত্ব নিষ্ক্রিয় থাকেন।
এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সাফল্যের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব—আমরা করে দিয়েছি। স্বাস্থ্যসাথী সহ একাধিক প্রকল্প মানুষের উপকারে এসেছে। আগামী দিনেও এই প্রকল্পগুলি চালু থাকবে এবং আরও উন্নয়নমূলক কাজ করা হবে বলে প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আমরা বারবার মানুষের আশীর্বাদ ও শুভেচ্ছা পেয়েছি, এবারও পাব। এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থীকে তিনি বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।