ভোট প্রচার শুরুর আগে মন্দিরে পুজো খোকনের


ভোট প্রচার শুরুর আগে মন্দিরে পুজো খোকনের

নিজের ভোট প্রচার শুরু করার আগে বুধবার বর্ধমানে কঙ্কালেশ্বরী কালীবাড়ি ও সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। তিনি বলেন, আমি আমার প্রচার শুরু করার আগে ছোটবেলায় যে মন্দিরে পুজো দিতাম সেই কঙ্কালেশ্বরী কালীবাড়িতে প্রথমে পুজো দিয়েছি। পরবর্তীতে বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিই। বৃহস্পতিবার থেকে আমি প্রচার করছি। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দ্বিতীয় বারের জন্য বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করায় আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আমার লক্ষ্য হবে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য কাজ করা। বিধায়ক হয়ে প্রথম পর্যায়ে আমি এখানে বাঁকা নালার উপরে বিভিন্ন এলাকায় মোট পাঁচটি ব্রিজ তৈরী করবো। এরফলে যানজট এড়িয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত সেই পথ দিয়ে যাতায়াত করতে পারবেন। এবারের ভোটেও তিনি ২৫ হাজারের বেশি ভোটে জয়যুক্ত হবেন বলে উল্লেখ করেন খোকন। পাশাপাশি তিনি বলেন, আগামী দিনে কঙ্কালেশ্বরী কালীবাড়ি প্রাঙ্গণে তিনি সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেবার জন্য সেবাশ্রম চালু করবেন। সর্বমঙ্গলা মন্দিরে তার সঙ্গে উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়দেব মুখার্জী, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বীকৃতি হাজরা প্রমুখ।