সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু মাধ্যমিক পরীক্ষা, পেন ও গোলাপে শুভেচ্ছা পরীক্ষার্থীদের
২ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে মোট ৬ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। যার মধ্যে ২ টি মেন ভেন্যু ও ৪ টি সাব ভেন্যু । এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৪১৯ জন। জামালপুর ব্লকের পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তারজন্য একদিকে যেমন প্রশাসন প্রস্তুত রয়েছে, ঠিক তেমনই রাস্তায় রয়েছেন জনপ্রতিনিধিরাও। জীবনের প্রথম বড় পরীক্ষা ছাত্রছাত্রীদের। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় প্রতিটি পরীক্ষার্থীকে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, উত্তম হাজারী,তাবারক আলী মন্ডল, জামালপুর ২ প্রধান মিঠু পাল, আজাদ রহমান , ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। জামালপুর হাইস্কুলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে ছাত্রছাত্রীদের পেন ও গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান। সঙ্গে ছিলেন জামালপুর ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক ও জামালপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উত্তম হাজারী। শুঁড়ে কালীতলা স্কুলে ছাত্র ছাত্রীদের হাতে পেন ও গোলাপ তুলে দেন সহ সভাপতি ভূতনাথ মালিক ও তাবারক আলী মন্ডল সহ অন্যান্যরা। চকদিঘী স্কুলে ছিলেন মেহেমুদ খান, আজাদ রহমান সহ অন্যান্যরা। গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের হাতে কভার ফাইল তুলে দেন বিধায়ক অলোক কুমার মাঝি, সৌরভ ব্রহ্মচারী সহ অন্যান্যরা। ব্লকের বিডিও পার্থসারথী দে নিজে রাস্তায় থেকে তদারকি করেন। পরে ব্লকে জামালপুর স্কুল ভিজিট করেন সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান।


