আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে প্রধান সচিব | নারকেল বাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো | রক্তদানে এগিয়ে আসার আহ্বান


1
আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে প্রধান সচিব

পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী। এই কর্মসূচীকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যেখানে সেই সমস্ত এলাকার সাধারণ মানুষরা উপস্থিত হয়ে তাদের এলাকার উন্নয়নের বিষয়ে অবহিত করছেন সরকারি আধিকারিক ও কর্মীদের। এবার জেলায় ক্যাম্প পরিদর্শনে গেলেন প্রধান সচিব ওঙ্কার সিং মীনা। বর্ধমান ১ নম্বর ও গলসী ১ নম্বর ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করেন তিনি। ক্যাম্প পরিদর্শনকালে সেখানে উপস্থিত মানুষদের সঙ্গে কথা বলেন শ্রী মীনা। ক্যাম্পে মেঝেতে বসেই তাদের সঙ্গে কথা বলেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ। শ্রী মীনা জানান, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচী রূপায়ণে সচেষ্ট রয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এই কর্মসূচীতে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। নির্দিষ্ট নিয়ম মেনে ক্যাম্পগুলি পরিচালিত হচ্ছে। আয়েশা রাণী এ বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পগুলি পরিচালিত হচ্ছে। এই আয়োজনের যে মূল লক্ষ্য তা পূরণের সচেষ্ট রয়েছেন সরকারি আধিকারিক ও কর্মীরা।

2
নারকেল বাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো

বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ডের নারকেল বাগান সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে খুঁটি পুজোর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, কাউন্সিলর আনন্দ গোপাল সাহা সহ ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক। তারা সকলেই এদিন খুঁটি পুজোর অনুষ্ঠানে অংশ নেন। এই পুজো কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত প্রামাণিক বলেন, এবারে এখানকার পুজোর থিম হলো “রূপকথার আঙিনায়”। ২৮ তম বর্ষে এবারের পুজোর বাজেট প্রায় ১২ লক্ষ টাকা। তিনি বলেন, আমরা পুজোর থিমকে প্রাধান্য দিয়ে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে প্রতিবছরই এই পুজোর আয়োজন করে থাকি। শহরের বাসিন্দাদের কাছে আমাদের আবেদন দুর্গাপুজোর দিনগুলিতে তারা এখানে আসুন এবং প্রতিমা দর্শন করুন। উজ্জ্বল প্রামাণিক বলেন, দুর্গোৎসবের দিনগুলিতে আমরা সব ধর্ম সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে কটা দিন এখানে কাটাই। এ বছরও আমরা একত্রে দুর্গোৎসবের দিনগুলি অতিবাহিত করতে চাই। খোকন দাস বলেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই উৎসবে সব ধর্ম, সব সম্প্রদায়, সব শ্রেণীর মানুষ একত্রিত হয়ে কটা দিন আনন্দের মধ্যে কাটান। আসুন, প্রতিবছরের মতো এ বছরও আমরা এই আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিই।

3
রক্তদানে এগিয়ে আসার আহ্বান

” গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলায় রক্তদান। / প্রাণের জন্য হৃদয়ের উপহার, মানবতার জন্য রক্তদান “। এই বার্তাকে সামনে রেখে বর্ধমানের অন্যতম স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও বর্ধমান ফুডিস ক্লাব-এর পরিচালনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর আয়োজিত এই রক্তদান শিবিরের সহযোগিতায় রয়েছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম। এ প্রসঙ্গে তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর সম্পাদক উৎপল দত্ত জানিয়েছেন, এদিন এই রক্তদান শিবিরে ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করে তা বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। এই উদ্যোগ গ্রহণের মূল উদ্দেশ্য হলো, বিগত গ্রীষ্ম ও বর্ষায় যে রক্তের সংকট তৈরী হয়েছে তার মোকাবিলায় এই রক্তদান শিবিরের আয়োজন। তিনি বলেন, এক ফোঁটা রক্ত একটি মানুষের জীবনকে বাঁচানোর ক্ষেত্রে অপরিহার্য। তাই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে তাদের আহ্বান, এগিয়ে আসুন, ভয় মুক্ত মনে রক্তদান করুন। একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর ক্ষেত্রে আপনার রক্ত অপরিহার্য। মানবতার প্রতি দায়বদ্ধ থেকে রক্তদানে উদ্বুদ্ধ হোন।