৮ আগস্ট উদ্বোধন হলো লাখুরিয়া পুলিশ আউটপোস্টের | নাড়ুগোপালের সেবাশ্রম প্রকল্পে স্বাস্থ্য পরিষেবা শিবিরে উপস্থিত তৃণমূলের জেলা সভাপতি | ৩০০০ মানুষকে রাখি বন্ধনে আবদ্ধ করা হলো | ২৯ নম্বর ওয়ার্ডে রাখি বন্ধন উৎসব পালন


1
৮ আগস্ট উদ্বোধন হলো লাখুরিয়া পুলিশ আউটপোস্টের।
৮ আগস্ট উদ্বোধন হলো লাখুরিয়া পুলিশ আউটপোস্টের। মঙ্গলকোট থানার অন্তর্গত লাখুরিয়ায় নতুন পুলিশ আউটপোস্ট তৈরী করা হয়েছে। এই পুলিশ আউটপোস্ট উদ্বোধন হওয়ার ফলে বিশেষত লাখুরিয়া, চাণক, পালিগ্রাম ও গোতিষ্ঠা অঞ্চলের জনগণের জন্য দ্রুত ও কার্যকর পুলিশি পরিষেবা সুনিশ্চিত করা যাবে বলে পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে। এই সমস্ত এলাকার মানুষদের এতোদিন পুলিশি পরিষেবা পাওয়ার জন্য দূরে মঙ্গলকোট থানায় যেতে হতো। আর দীর্ঘ পথ অতিক্রম করে মঙ্গলকোট থানায় তাদের যেতে হবে না। এই নতুন আউটপোস্ট উদ্বোধনের ফলে ওই এলাকার মানুষজনের যেকোনো সমস্যার সমাধানে পুলিশি তৎপরতা ও সক্রিয়তা আরও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে পুলিশি প্রতিক্রিয়া এবং পদক্ষেপের সময়ও কমে যাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন;
পুলিশ সুপার সায়ক দাস, পূর্ব বর্ধমান, এসডিপিও কাটোয়া কাশীনাথ মিস্ত্রী, বিধায়ক অপূর্ব চৌধুরী, বিডিও অনামিত্র সোম। এই উদ্বোধনের মাধ্যমে উপরোক্ত চারটি অঞ্চলের মানুষ নবগঠিত লাখুরিয়া আউট পোস্টে জেনারেল ডায়েরী করতে পারবেন। (পজ্ )

2
নাড়ুগোপালের সেবাশ্রম প্রকল্পে স্বাস্থ্য পরিষেবা শিবিরে উপস্থিত তৃণমূলের জেলা সভাপতি

বর্ধমান পৌরসভার অন্তর্গত ২২ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর নাড়ুগোপাল ভকতের উদ্যোগে সেবাশ্রম প্রকল্পের মাধ্যমে এই ওয়ার্ডের মানুষসহ প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
২ আগস্ট এই সেবাশ্রম প্রকল্পের কাজ শুরু হয়। ৭ আগস্ট পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হয়। একই সঙ্গে যাদের ওষুধ প্রয়োজন তাদের ওষুধ দেওয়ার ব্যবস্থাও করা হয়। প্রসঙ্গত, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাড়ুগোপাল ভকতের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যয়। ৭ আগস্ট বর্ধমান আলমগঞ্জে কল্পতরু ময়দানে নির্দিষ্ট ভবনে আয়োজিত এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত হন রবীন্দ্রনাথবাবু। তার সঙ্গে ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ।

3
৩০০০ মানুষকে রাখি বন্ধনে আবদ্ধ করা হলো

খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে ৯ আগস্ট রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে প্রায় তিন হাজার মানুষের হাতে রাখি পরানো হলো। একইসঙ্গে তাদের মিষ্টি মুখও করানো হয়। স্থানীয় বাদুলিয়া বাজার এলাকায় পথ চলতি ও স্থানীয় মানুষদের হাতে রাখি পরিয়ে দেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এদিন এই পথ দিয়ে যাওয়া এক নব দম্পতির হাতেও তারা রাখি পরিয়ে দেন। অপার্থিব বলেন, এই ধরনের মহতী উৎসবে সকলের সঙ্গে একত্রিত হতে পেরে খুব ভালো লাগলো। বঙ্গভঙ্গকে প্রতিরোধ করার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছিলেন। আজ বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সেদিনের সেই রাখি বন্ধন উৎসবের গুরুত্ব আমরা আবার পুনরায় উপলব্ধি করতে পারছি।

4
২৯ নম্বর ওয়ার্ডে রাখি বন্ধন উৎসব পালন

বর্ধমান শহরের ২৯ নম্বর ওয়ার্ড মিঠাপুকুর এলাকায় স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুকান্ত প্রামাণিকের উদ্যোগে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে অংশ নেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। তিনি বলেন, রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে আমরা সব ধর্ম, সব সম্প্রদায়ের মানুষ একে অপরকে কাছে টেনে নিতে পারি। ব্রিটিশ শক্তির চক্রান্ত ছিল দেশ ভাগ করা। ১৯০৫ সালে ব্রিটিশের সেই চক্রান্তকে এই রাখি বন্ধন উৎসব পালনের মধ্যে দিয়ে ব্যর্থ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সুশান্ত প্রামাণিক বলেন, রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথে নেমে এই রাখি বন্ধন উৎসব পালন করছেন।