1
সম্প্রীতির বাতাবরণের মধ্যে দিয়ে রাজ্যে পালিত হয় মহরম
রাজ্যে একটা সুন্দর সম্প্রীতির বাতাবরণের রয়েছে। এরমধ্যে দিয়ে দুর্গোৎসব থেকে শুরু করে ঈদ, মহরম, যীশুখ্রীষ্টের জন্মদিন, গুরু নানকের জন্মদিন, ছট পুজো এই সমস্ত ধর্মীয় উৎসব পালিত হয়। যুগ যুগ ধরে এইভাবেই আমরা সমস্ত ধর্ম, সমস্ত সম্প্রদায়ের মানুষ পাশাপাশি থেকে নিজেদের ধর্মাচরণ করে এসেছি। এটাই হলো আমাদের সনাতন ঐতিহ্য, সংস্কৃতি। এই ধারাকে অব্যাহত রাখতে হবে বলে উল্লেখ করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মহরম উপলক্ষ্যে বর্ধমানের কালাপাহাড়ি মাজারে চাদর চড়ান মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্বপনবাবু বলেন, সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার সর্বত্র মহরম পালিত হলো। বর্ধমানের মহরমে সমস্ত ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বছরে পর বছর লক্ষ্য করা গেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমাদের এই ঐতিহ্যকে সম্মিলীতভাবে রক্ষা করতে হবে। (পজ্)
2
মহরমের থিম যুদ্ধ নয় শান্তি চাই
যুদ্ধ নয় শান্তি চাই, এই থিমকে সামনে রেখে এবার মহরম পালিত হলো বর্ধমানে। মেহেদীবাগান বারোয়ারি মহরম কমিটির উদ্যোগে আয়োজিত এই মহরমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। তিনি বলেন, একটি সুন্দর থিমকে নির্বাচন করা হয়েছে এখানে। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন যুদ্ধ চলছে, তখন সেই যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে এই থিম অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেন, আমরা সবসময় যুদ্ধের বিরুদ্ধে। যুদ্ধ মানুষের জীবন কেড়ে নেয়। নিরীহ মানুষরা যুদ্ধের কারণে প্রাণ হারান। তাই যুদ্ধের বিরুদ্ধে শান্তিকে প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সবসময় এগিয়ে যেতে হবে। (পজ্)
3
মাছ চাষে উদ্যোগী প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়
জৈব সার ব্যবহার করে মাছ চাষ করার বিষয়ে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ বিকাশ দপ্তর। এরজন্য বিভিন্ন এলাকার পুকুর সুন্দর করে সাজিয়ে তোলা ও মাছ চাষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবার পূর্ব বর্ধমান জেলার কালনা ১ নম্বর ব্লকের অধীন আটঘরিয়া সিমলন চাঁদবিল পার্কে তিনটি জলাধারকে কেন্দ্র করে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে রাজ্য সরকারের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধীন প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ও গবেষণারত ছাত্র এবং চারজন স্নাতকোত্তর পড়ুয়ার দল এই পুকুরগুলি সার্ভে করলেন। তারা পুকুরে জল ও মাটি পরীক্ষা করেন। প্রসঙ্গত, এই চাঁদবিল পার্কের তিনটি জলাধারকে কেন্দ্র করে মৎস্য চাষ, মাছের ডিম উৎপাদন, মৎস্যজীবীদের মৎস্য চাষের বিষয় প্রশিক্ষণ দেওয়া ইত্যাদির একটি কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি এই প্রস্তাব পাঠান প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মৎস্যমন্ত্রীর কাছে। সেই মতো ডিআরপি তৈরীর কাজ চলছে বলে জানা যায়। এ প্রসঙ্গে স্বপন দেবনাথ বলেন, বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক ডক্টর গোলাম জিয়াউদ্দিন এবং ডক্টর প্রসেনজিৎ মালিক উপস্থিত থেকে এই সার্ভের কাজ করেন। আমরা চাই, চাঁদবিল পার্কের তিনটি জলাধারকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। পাশাপাশি মৎস্য চাষের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সমস্ত কাজটি করার ভাবনাচিন্তা রয়েছে। আমরা আশাবাদী, এই প্রচেষ্টা ভবিষ্যতে সাফল্য লাভ করবে। (পজ্)
4
কলকাতায় ল কলেজের ঘটনার তীব্র প্রতিবাদ কংগ্রেস নেতৃত্বের
সম্প্রতি কলকাতার ল কলেজে এক আইনের ছাত্রীকে ধর্ষণের শিকার হতে হয়। কলেজেরই এক অস্থায়ী কর্মী এই ঘটনায় যুক্ত বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে কংগ্রেসও। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার জাতীয় কংগ্রেসের অন্যতম নেতৃত্ব তথা চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় বলেন, নারী জাতিকে অসম্মান করার কোনো অধিকার আমাদের নেই। এই পৃথিবীতে মানুষের সৃষ্টিই নারীর মাধ্যমে। তাই একজন পুরুষের জীবনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো নারী যদি অত্যাচারের শিকার হন, ধর্ষণের মতো অপরাধের শিকার হন, তাহলে অপরাধীর পাশে কোনোভাবেই আমাদের কারো দাঁড়ানো উচিত নয়। কোনো রাজনৈতিক দলের এই ধরনের অপরাধীদের প্রশ্রয় দেওয়া উচিত নয়। এক্ষেত্রে প্রশাসনকেও কঠোর হাতে অপরাধ দমনে এগিয়ে আসতে হবে। শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় বলেন, কংগ্রেস এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে। পরবর্তী পর্যায়ে যদি এই ধরনের ঘটনা আবারও ঘটে তাহলে কংগ্রেস আবার পথে নামবে। অপরাধীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। কংগ্রেস এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য সাধারণ মানুষের কাছে সর্বতোভাবে আবেদন করবে। (পজ্)


