আত্মা প্রকল্পে ৫০ জন কৃষককে সহায়তা প্রদান|গলসী মহাবিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর স্বেচ্ছাসেবী সংস্থার|গুরুত্বপূর্ণ সামাজিক কাজের জন্য সম্মানিত স্বেচ্ছাসেবী সংস্থা


1
আত্মা প্রকল্পে ৫০ জন কৃষককে সহায়তা প্রদান

আত্মা প্রকল্পের মাধ্যমে আসন্ন খরিফ মরশুমে চাষ করার জন্য ৫০ জন কৃষককে সহায়তা প্রদান করা হয় জামালপুর ব্লক অফিসে থেকে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক,বিডিও পার্থসারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস, আত্মা কমিটির সভাপতি লালু হেমব্রম, বিটিএম পল্লব দাস প্রমুখ। সঞ্জিবুলবাবু বলেন, আত্মা প্রকল্পের মাধ্যমে আসন্ন খরিফ চাষের জন্য ব্লকের ৫০ জন কৃষকের হাতে লাল স্বর্ণ ধান ১০ কেজি (এম টি ইউ ৭০২৯), বীজ শোধন করার জন্য কেমিক্যাল, ধ্রুবি গোল্ড জৈব সার, এক বস্তা এস এস পি সার ছাড়াও একটি করে কোদাল, কাস্তে, টাঙ্গনা, স্প্রে মেশিন ও একটি করে ফ্লেক্স তুলে দেওয়া হয়। তিনি আরও জানান, দুদিন ধরে এই পরিষেবা দেওয়া হবে। প্রথম দিনে ৩০ জন ও দ্বিতীয় দিনে ২০ জনের হাতে এগুলি তুলে দেওয়া হবে। মেহেমুদ খান বলেন, সামনেই খরিফ মরশুম। তাই সরকারি উদ্যোগে চাষীদের হাতে এগুলি তুলে দেওয়া হলো। যা তাদের চাষ করতে যথেষ্ট সাহায্য করবে। তিনি আরও বলেন, নানা ভাবে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছেন। আর সরকারি ভাবে এই অনুদান পেয়ে খুশি চাষীরা। আশাকরি তারা আরও ভালোভাবে চাষ করতে পারবেন।

2
গলসী মহাবিদ্যালয়ের সঙ্গে মৌ স্বাক্ষর স্বেচ্ছাসেবী সংস্থার

সুস্থায়ী খাদ্যাভাস , উদ্ভিদজাত খাবারের সুফল ও বর্জ্য সমস্যা সমাধানে গলসী মহাবিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক আলোচনাসভা আয়োজিত হল। সভার আয়োজক ছিল স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্টআপ ফাউন্ডেশন। এই সভায় বক্তব্য রাখেন বিশেষজ্ঞ সন্দীপন সরকার ও পার্থপ্রতিম মিত্র। অংশ নেন মহাবিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রছাত্রী। উপস্থিত ছিলেন অধ্যক্ষ অমিত তিওয়ারি। এদিন কলেজের সঙ্গে স্টার্টআপ ফাউন্ডেশনের একটি মৌ স্বাক্ষর হয়। যা আগামী পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের শিক্ষানবিশ কর্মে ও বৈদ্যতিন বর্জ্য নিয়ন্ত্রণে বিশেষ সহায়তা দেবে। অমিত তিওয়ারি বলেন, এর ফলে এখানে পাঠরত ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হবে। সন্দীপান বলেন, আমরা এই মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে থেকে সর্বতোভাবে সহযোগিতা করবো।

3
গুরুত্বপূর্ণ সামাজিক কাজের জন্য সম্মানিত স্বেচ্ছাসেবী সংস্থা

জেলার একটি গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনকে পরিবেশ, জলবায়ু ও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা রোটারি ইন্টারন্যাশনাল- এর তরফে পুরস্কৃত করা হলো। সংস্থার প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকর্মী অংশুমান ব্যানার্জী ও সুখমিন্দর সিং। বর্ধমানের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে পুরস্কার গ্রহণ করেন সংস্থার কর্মকর্তারা। সংস্থার তরফে সন্দীপন সরকার বলেন, তারা সারা বছর শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু সহ সামাজিক নানান কাজের সঙ্গে যুক্ত থাকেন। মানব কল্যাণে সবসময় তাদের বিভিন্ন সামাজিক কাজকে প্রাধান্য দেওয়া হয়। এবারের এই পুরস্কার প্রাপ্তি তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে বলে তারা মনে করেন।