1
বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ উদ্যোগ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে
কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সফল করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীরা এদিন প্রার্থনা সভায় পরিবেশ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এদিন একটি কারি পাতার ভেষজ গাছ রোপণ করা হয়।
কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী দামোদর নদ পরিদর্শনের মাধ্যমে নিবিড় প্রকৃতিপাঠে অংশগ্রহণ করেন তারা। ছাত্রছাত্রীদের সঙ্গে ছিলেন কৃষ্ণেন্দু কুমার দে, শামীম মন্ডল, সনজিৎ পাল, সঞ্জীব নন্দী সহ সমস্ত শিক্ষক। ছিলেন শিক্ষিকা শ্যামলী দাস, অনন্যা ঘোষ, কৃষ্ণা ঘোষ, টুসু সরকার, এবং অন্যান্যরা। সাইকেল রালি করে যেতে যেতে, নদীর ভৌগোলিক ব্যাপ্তি নিয়ে, বহুবিচিত্র উদ্ভিদরাজি নিয়ে ছাত্রছাত্রীরা সঙ্গে আলোচনা করা হয়। সায়রপাড়া নামের গ্রামটিতে গ্রামীণদের সঙ্গে কথায় কথায় বর্ষা, সুরজ, মৌসুমী, সোহিনী, চিরশ্রী, মুনমুনরা জানলো অনেক অজানা কথা। যা বইতে জানা যায় না, জানতে হয় কৃষিজীবীদের নিত্যদিনের কাজেকর্মে।
উদয় পল্লীর দামোদরের কাছে জোর বাঁধে ছাত্র-ছাত্রীরা দেখলো জীব-বৈচিত্র্যে ভরপুর ছাই বালি দিয়ে তৈরি “ল্যান্ড আর্ট” I প্রায় ১৮ জন শিল্পী এই শিল্পকর্মকে ফুটিয়ে তুলেছেন I
প্রধানশিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত জানান, পরিবেশমুখীনতা আজকের পড়ুয়াদের প্রকৃত মানুষ হয়ে উঠতে সাহায্য করবে। এমনিতেই এই বিদ্যালয় প্রকৃতি মায়ের কোলে গড়ে উঠেছে। আমাদের ছাত্রছাত্রীরা তুলনামূলকভাবে অনেক বেশি গাছ চেনে। আর তার ব্যবহার করতে জানে।
2
শহরের ৩৫টি ওয়ার্ডেই বুথভিত্তিক মিটিং করছে তৃণমূল
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বর্ধমান শহরে ৩৫টি ওয়ার্ডে বুথভিত্তিক মিটিং করছে তৃণমূল কংগ্রেস। বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে বুথ কর্মীদের নিয়ে এই কাজ শুরু করা হয়েছে। এ প্রসঙ্গে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় জানিয়েছেন, বর্ধমান শহরকে কেন্দ্র করে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র। আর এখানে ২৯৯ টি বুথ রয়েছে। সবকটি বুথেই দলীয় কর্মী ও নেতৃত্বদের নিয়ে মিটিং করা হবে। ইতিমধ্যেই প্রায় ১০০ টি বুথে মিটিং করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে কর্মী সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এই কর্মী সম্মেলনে উপস্থিত থাকছেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। আর বুথ মিটিংগুলিতে উপস্থিত থাকছেন ওয়ার্ড কাউন্সিলর সহ সেই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। আগামী বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েই এই মিটিং-এর আয়োজন বলে জানা গেছে।
3
বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বর্ধমান শহরের তিনটি স্থানে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। এই তিনটি স্থানে মোট ৫৩ টি বৃক্ষচারা রোপণ করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তাদের অন্যতম নিখিল কুমার খাঁ। প্রথম পর্যায়ে তিনটি বৃক্ষচারা রোপণ করা হয় স্বীয় গৃহ সংলগ্ন বাগান প্রাঙ্গণে। দ্বিতীয় পর্যায়ে নেতাজি নগর দুর্গা মন্দির সংলগ্ন প্রাঙ্গণে ১৪ টি ফুলের চারা রোপণ করা হয়। পরবর্তী পর্যায়ে তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাকি বৃক্ষচারা রোপণ করা হয়। এ প্রসঙ্গে তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার খাঁ জানান, বিশ্ব উষ্ণায়ন রোধে এবং পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ-র গ্রীন অপারেশন ২০২৫ প্রকল্পের অধীনে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে। যার মূল লক্ষ্য হলো সার্বিক পরিবেশকে সুস্থ রাখা ও প্রকৃতিতে সবুজের পরিমাণকে আরও বাড়িয়ে তোলা। (পজ্)


