কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা রাইস মিলস অ্যাসোসিয়েশনের I তৃণমূলের জেলা সভাপতি হিসেবে পুনরায়নির্বাচিত হওয়ায় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা I বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক কর্মসূচী

1
কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা রাইস মিলস অ্যাসোসিয়েশনের

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আইএসসি, আইসিএসসি পরীক্ষায় বর্ধমানে কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতীদের শনিবার সম্বর্ধিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রাণী এ ,পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বিধায়ক খোকন দাস। তারা প্রত্যেকেই তাদের বক্তব্যে কৃতীদের আগামী দিনে আরও বেশি সাফল্য পাওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করেন। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন প্রত্যেকেই। আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল মালেক বলেন, আমরা প্রতি বছর কৃতী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানাই। মূলত তাদের অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে এ বছরও সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। প্রত্যেক কৃতীর সাফল্য কামনা করছি।

2
তৃণমূলের জেলা সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা

জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আর তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির পক্ষ থেকে তার হাতে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। বর্ধমানে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাতে পুষ্পস্তবক তুলে দেন বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক তথা ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দল পুনরায় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে তৃণমূলের জেলা সভাপতি নির্বাচিত করেছে। দলের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানিয়েছি। তিনি একজন যোগ্য সংগঠক। তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আগামী দিনে লড়াই করবে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে। এই নির্বাচনে দলের সাফল্যের ব্যাপারে আমরা সুনিশ্চিত। এই সাফল্য যাতে আরও ভালোভাবে আসে তারজন্য পুনর্নির্বাচিত জেলা সভাপতির নেতৃত্বে আমরা পূর্ব বর্ধমান জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রে লড়াই করবো। ২০২১ এর মতোই ২০২৬ সালেও বিধানসভা নির্বাচনে এই জেলায় ১৬ টি আসনেই জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস।

3
বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক কর্মসূচী

লক্ষ্য হলো বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তোলা। আর সেই লক্ষ্যকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ ‘নম্বর ব্লক অফিসের সভাগৃহে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। জানা গেছে, বর্ধমান ২’নম্বর ব্লক এলাকার অন্তর্গত নাপিত, পুরোহিত, ক্যাটারিং কর্মী, ডেকোরেটার কর্মী ও মালিক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন এই শিবিরে উপস্থিত ছিলেন। তাদের সকলের কাছেই বাল্যবিবাহ রোধে কি করণীয়, বাল্যবিবাহের ক্ষতিকর বিভিন্ন দিক এই সম্পর্কে আলোকপাত করেন বিশিষ্টজনেরা। এই শিবিরে উপস্থিত থেকে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, বাল্যবিবাহ একটা সামাজিক ব্যাধি। এই ব্যাধি নিরাময়ে সাধারণ মানুষকে সচেতন করা অত্যন্ত জরুরি। আর সেই লক্ষ্য নিয়েই এখানে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। বর্ধমান ২ ব্লকের বিডিও দিব্যজ্যোতি দাস এ প্রসঙ্গে বলেন, বাল্যবিবাহ রোধের পাশাপাশি স্কুলছুট হবার প্রবণতা, নাবালিকা অবস্থায় অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়েও ভাবনাচিন্তা করা প্রয়োজন। তাই এই দিকগুলি নিয়েও আমরা সাধারণ মানুষকে সচেতন হতে বলেছি। সমাজের সর্বস্তরের মানুষদের কাছে এই সমস্ত বিষয়ে যথাযথ বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।