1
দ্বিতীয়বার জেলা সভাপতি হওয়ায় বর্ধমানে সম্বর্ধনা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নাম পুনরায় ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে। তিনি দ্বিতীয়বার জেলা সভাপতি হওয়ায় তাকে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের বর্ধমান জেলা কার্যালয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। এদিন বাজেপ্রতাপপুর থেকে বাইক রেলি করে তাকে তৃণমূলের জেলা কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাকে মালা পরিয়ে দেন দলের নেতৃত্ব ও কর্মীরা। তার হাতে পুষ্পস্তবকও তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য এসটি সেলের চেয়ারম্যান তথা প্রাক্তন জেলা সভাধিপতি দেবু টুডু, প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, আর এক সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম, জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, বিশিষ্ট আইনজীবী আজিজুল হক সহ বর্ধমানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। সম্বর্ধনার প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষ্য নিয়ে এখন থেকেই এই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
2
ব্যবসায়ীদের সুবিধার্থে পিডব্লুডি ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ ব্যবসায়ী সংগঠনের
বর্ধমান শহরের জি টি রোডে বিজয় তোরণ থেকে পুলিশ লাইন অন্যদিকে পার্কাস রোড পর্যন্ত রাস্তার দু’ধারে খোঁড়াখুঁড়ির কাজ চলছে। এর ফলে রাস্তার দুপাশে যাদের স্থায়ী দোকান রয়েছে তারা খুবই সমস্যায় পড়েছেন। জিটি রোডের দুপাশে ড্রেন করার লক্ষ্য নিয়ে ও রাস্তা চওড়া করার পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই কাজে দীর্ঘসূত্রিতার জন্য সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা। তাই এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়ন গৌতম চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির কর্মকর্তারা। তাদের লিখিত আবেদনের ভিত্তিতে আলোচনায় বসেন পিডব্লুডি আধিকারিক। এ প্রসঙ্গে বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির অন্যতম কর্মকর্তা শীর্ষেন্দু সাধু বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এদিন তাদের সঙ্গে পিডব্লুডির ইঞ্জিনিয়ারের কথা হয়েছে। আমরা তাকে রাস্তার দু’পাশে এই খোঁড়াখুঁড়ি জন্য ব্যবসায়ীদের যে সমস্যা হচ্ছে সে বিষয়ে অবহিত করেছি। তিনি এই সমস্যা নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী এই কাজ জুলাই মাসের মধ্যে শেষ হবে। তবে প্রাথমিক পর্যায়ে যে কাজ চলছে তাও দ্রুত সম্পন্ন করা হবে বলে জানা গেছে।


