শিক্ষকের চাকরিতে দুর্নীতির প্রতিবাদে সিপিআইএম-এর প্রতিবাদ সভা II নিজের বিধানসভা এলাকায় ভুয়ো ভোটার নিয়ে বৈঠক মন্ত্রীর


1
শিক্ষকের চাকরিতে দুর্নীতির প্রতিবাদে সিপিআইএম-এর প্রতিবাদ সভা

পশ্চিমবঙ্গ সরকারের চূড়ান্ত অপদার্থতায় ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে। যার জন্য পুরোপুরি ভাবেই বর্তমান রাজ্য সরকারকে দায়ী করছে সিপিআইএম। রাজ্য সরকারের এই চরম দুর্নীতি এবং যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণের ব্যর্থতার প্রতিবাদে পথে নামলেন সিপিআইএমের নেতৃত্ব ও কর্মীরা। দলের বর্ধমান শহর ২ এরিয়া কমিটির উদ্যোগে বীরহাটা ক্লক টাওয়ার সংলগ্ন এলাকায় একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এই সভার সূচনা করেন এরিয়া কমিটির সম্পাদক সুদীপ্ত গুপ্ত। সভায় বক্তব্য রাখেন দলের নেতৃত্ব তথা প্রাক্তন কাউন্সিলর অরিন্দম মৌলিক। বক্তারা বলেন, এই ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার জন্য বর্তমান রাজ্য সরকারের অনৈতিক কাজকর্মই দায়ী। সরকার সঠিকভাবে পথ চললে এইভাবে এতগুলি শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যেত না। তাই তারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই প্রতিবাদ সভার শেষে বীরহাটা ক্লক টাওয়ার থেকে পারবীরহাটা ট্রাফিক সংলগ্ন অঞ্চল পরিক্রমা করে একটি মিছিল। মিছিল থেকে স্লোগান দিয়ে রাজ্য সরকারের এই অনৈতিক ভূমিকার তীব্র প্রতিবাদ জানানো হয়।

2
নিজের বিধানসভা এলাকায় ভুয়ো ভোটার নিয়ে বৈঠক মন্ত্রীর

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে ভুয়ো ভোটার সনাক্তকরণ এবং ভোটার লিস্ট সংক্রান্ত পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। স্থানীয় বেগপুর অঞ্চলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দ। বৈঠকে স্বপন দেবনাথ বলেন, মূলত যারা দলের পক্ষ থেকে বুথ এজেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারাই এই পর্যালোচনার বিষয়টিকে নিয়ে যা করণীয় সেটা করবেন। আমরা এই বৈঠকে তাদের কাজের বিষয়টি নিয়ে আলোচনা করছি। স্বপনবাবু বলেন, কেন্দ্রের শাসক দল বিজেপি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে জেতার জন্য ভোটে কারচুপি করতে চাইছে। তারজন্য তারা বিভিন্ন জায়গায় ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে রেখেছে। এর ফলে স্থানীয় ভোটারদের পক্ষে তখন ভোট দেওয়াটা সমস্যা হয়ে দাঁড়াবে। একই পদ্ধতিতে তারা এর আগে কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে। বিষয়টি অনুধাবন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে তৃণমূলের প্রত্যেক নেতৃত্ব ও কর্মীকে সতর্ক থাকার কথা বলেছেন। তার সেই বার্তাকে মান্যতা দিয়ে আমরা এই এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছনোর কাজ শুরু করেছি। সেই মতোই এখানে দলীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে বৈঠক করা হচ্ছে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকেই তাদের করণীয় কাজ সঠিকভাবে করবেন।