1
বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির প্রতিবাদ কর্মসূচী
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, “শিক্ষার সুস্থ পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই এই আক্রমণ হয়েছে। শিক্ষামন্ত্রী ছাত্রদের দাবির কথা শুনতে চেয়েছিলেন, তবুও এসএফআই ও অতি বামপন্থীদের এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়।”
এই ঘটনার প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে সভা ও মিছিলের আয়োজন করা হয়।বর্ধমান ইউনিভার্সিটি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে সুস্থ পরিবেশ বজায় থাকলেও কিছু বিভেদকামী শক্তি তা নষ্ট করার চেষ্টা করছে। এসএফআই ও অতি বামপন্থী ছাত্র-ছাত্রীদের যে নোংরামি তা আজ জলের মতো পরিষ্কার হয়ে গেছে সাধারণ মানুষের কাছে বলে তিনি মন্তব্য করেন।
2
কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান সায়েন্স সেন্টারের চিফ সায়েন্টিফিক অফিসার নিখিলেশ বিশ্বাস ও বাবুরবাগ সিএমএস হাইস্কুলের ভূতপূর্ব শিক্ষক বিশ্বনাথ দাস।
সঙ্গীত, নৃত্য, নাটকসহ মোট ১৮টি বিভাগে ১৯০টি পুরস্কার প্রদান করা হয়। সেরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নির্বাচিত হন সুরজ কুরি ও মধুমিতা বাড়ুই।
বিশ্বনাথ দাস, বিদ্যালয়ের সঙ্গে তার পুরনো সম্পর্কের কথা উল্লেখ করে সবাইকে অন্তত দশটি গাছ লাগানোর অনুরোধ করেন। নিখিলেশ বিশ্বাস বলেন, “বিজ্ঞানমনস্কতা ও সংস্কৃতিবোধ একে অপরের পরিপূরক, যা আজকের দিনে অত্যন্ত জরুরি।”
প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত সুপ্ত প্রতিভার বিকাশের উদ্দেশ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিশেষ প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এর মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের জীবন সমৃদ্ধ হয়।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক কমল সাহা এবং পরিচালনা করেন শিক্ষিকা সুনীতা সাহা।
3
জামালপুরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা
পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে নির্বিঘ্নে শেষ হলো উচ্চমাধ্যমিকের প্রথম দিন। এ বছর ব্লকের ৫টি সেন্টারে মোট ৮৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে, যার মধ্যে ৩২৭ জন ছাত্র ও ৫০৭ জন ছাত্রী।
পরীক্ষার দিনে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিকের নেতৃত্বে পরীক্ষার্থীদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়। বিধায়ক অলোক কুমার মাঝি ও তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান জামালপুর হাইস্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের হাতে পেন ও জলের বোতল তুলে দেন এবং শুভেচ্ছা জানান। পরে পাঁচড়া অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদও পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানায়। সেখানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি জয়দেব দাস, প্রধান বিকাশ পাকড়ে, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা ও সায়ন ঘোষসহ অন্যান্যরা।
বিধায়ক অলোক কুমার মাঝি এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন, আর মেহেমুদ খান জানান, প্রতিবছরই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই কর্মসূচি নেওয়া হয়।
অন্যদিকে, ব্লকের বিডিও পার্থসারথী দে ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন ও পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন।
জামালপুর থানার পক্ষ থেকেও পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। সিআই বিশ্বজিৎ মন্ডল ও থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দেন।


