সড্যা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো বিজ্ঞান মেলা I বর্ধমানে ৮২ জন শ্রমিকের পেনশন প্রদানের উদ্যোগ I SMC MedExpo 2025: আধুনিক চিকিৎসা ও সার্জারি বিষয়ক উদ্যোগ

1
সড্যা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো বিজ্ঞান মেলা

হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব বোঝাতে বর্ধমান-২ নং ব্লকের সড্যা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো বিজ্ঞান মেলা। উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও মনোবিদ্যা বিভাগের প্রধান খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং সহকারী বিদ্যালয় পরিদর্শক অরুণ কুমার মণ্ডল।

প্রধানশিক্ষক শীর্ষেন্দু দত্ত জানান, ছাত্রছাত্রীদের তৈরি ত্রিশটি মডেল প্রদর্শিত হয়, যেখানে শুভময় চ্যাটার্জী ও জিৎ কোনার প্রথম স্থান অধিকার করে। এদিন ডঃ পূর্ণিমা সিনহা বিজ্ঞান ক্লাব ও মননে বিজ্ঞান নামে একটি দেওয়াল পত্রিকার উদ্বোধন করা হয়।

স্টার্ট আপ ফাউন্ডেশনের আধিকারিক সন্দীপন সরকার ও পার্থপ্রতিম মিত্র পুষ্টিকর খাদ্য ও ইলেকট্রনিক বর্জ্য সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তাদের উদ্যোগে মিড-ডে মিলে ছাত্রছাত্রীদের মিলেটের খিচুড়ি ও মিশ্র সবজি পরিবেশন করা হয়, যা পুষ্টিকর বলে উল্লেখ করেন সন্দীপন সরকার।

এই উদ্যোগ ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্কতা গড়ে তুলবে এবং বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

 

2
বর্ধমানে ৮২ জন শ্রমিকের পেনশন প্রদানের উদ্যোগ

পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা যোজনায়, ৬০ বছরের উর্ধ্ব শ্রমিকদের জন্য পেনশনের ব্যবস্থা রয়েছে। সেই অনুযায়ী, বর্ধমানের ৮২ জন শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত কাগজপত্র শ্রম দপ্তরে জমা দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে তারা সরকার নির্ধারিত হারে পেনশন পাবেন, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

এই কাজে বর্ধমান শহর আইএনটিটিইউসি সর্বাত্মক সহযোগিতা করেছে বলে জানান সংগঠনের শহর সভাপতি প্রসেনজিৎ কুন্ডু। তিনি বলেন, ২০২৪ সালে ৬০ বছর পূর্ণ করা শ্রমিকদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও শ্রমিক অন্তর্ভুক্ত হবেন।

বর্তমানে পূর্ত ভবনের শ্রম দপ্তরে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। প্রসেনজিৎ কুন্ডু জানান, রাজ্য সরকার শ্রমজীবীদের জন্য শিক্ষা, চিকিৎসা ও পেনশনসহ নানা প্রকল্প চালু করেছে, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০১১ সাল থেকে কার্যকর। এই উদ্যোগ শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

3
SMC MedExpo 2025: আধুনিক চিকিৎসা ও সার্জারি বিষয়ক উদ্যোগ

অ্যাপোলো হাসপাতাল, নয়াদিল্লির প্রখ্যাত ল্যাপারোস্কোপিক ও জেনারেল সার্জন ডা. সুশীল কুমার জৈন অংশগ্রহণ করতে চলেছেন SMC MedExpo 2025-এ। তিনি ১লা মার্চ থেকে ৩রা মার্চ পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত থাকবেন।

এই সময়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও সার্জারির বিভিন্ন দিক নিয়ে আলোচনা, মতবিনিময় এবং রোগীদের চিকিৎসা করা হবে। ছাত্র-ছাত্রী, শিক্ষক ও চিকিৎসা সংশ্লিষ্ট সকলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে চলেছে বলে আয়োজকরা জানিয়েছেন। এছাড়া, ডা. জৈনের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও থাকবে।