1
চলমান স্কুলে সমাজের পিছিয়ে পড়া পরিবারের শিশুদের পাঠদানের ব্যবস্থা পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত বলগোনায় চলমান স্কুল এই নামে একটি প্রতিষ্ঠান সামাজিক কাজে ব্রতী হয়েছে। এই প্রতিষ্ঠানের উদ্যোগে স্থানীয় এলাকায় পিছিয়ে পড়া পরিবারের শিশুদের নিয়মিত পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি তারা এই চলমান স্কুলেতেও শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন লাভপুর স্কুলের প্রধান শিক্ষিকা মণীষা ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবী মুন্সি রফিকুল হাসান, ইয়ার মহম্মদ প্রমুখ। তাদের এই কর্মযজ্ঞে পাশে পেয়েছেন বিশিষ্ট সমাজসেবী তথা চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শ্যামাদাস বন্দ্যোপাধ্যায়কে। এদিন এখানে উপস্থিত শিশুদের হাতে শিখন সামগ্রী তুলে দেন মণীষা ব্যানার্জী। এ প্রসঙ্গে শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। পিছিয়ে পড়া পরিবারের শিশুদের সমাজের মূলস্রোতের সঙ্গে যুক্ত রাখার লক্ষ্য নিয়েই এই প্রচেষ্টা গ্রহণ। এই উদ্যোগ সফল করতে স্থানীয় মানুষদেরও এগিয়ে আসতে হবে। এই শিশুরা যাতে অঙ্কুর থেকে পরিণত গাছের রূপ নিতে পারে, সেইভাবেই তাদের শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। এরাই আমাদের দেশ এবং জাতির ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সকলের।
2
দুয়ারে সরকার শিবিরে বিভিন্ন প্রকল্পের মডেল প্রদর্শন দুয়ারে সরকার শিবির শেষ হলো ১ লা ফেব্রুয়ারি। আর দুয়ারে সরকারের শেষ দিনে জামালপুরের পাঁচড়া অঞ্চলে ক্যাম্প পরিদর্শনে গিয়ে খুশি হলেন আধিকারিকরা। পাঁচড়া অঞ্চলে দুয়ারে সরকার ক্যাম্প হয় চৌবেড়িয়া খেলার মাঠে। সেই ক্যাম্প ঘুরে দেখেন স্থানীয় বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থসারথী দে , পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা,প্রধান বিকাশ পাকড়ে, উপ প্রধান সরস্বতী মুর্মু সহ অন্যান্যরা। ক্যাম্পে ঘুরে দেখে তারা খুবই সন্তুষ্ট হন। কারণ ক্যাম্পে একের পর এক মডেল করা হয়েছিল বিভিন্ন সরকারী প্রকল্প নিয়ে। সেখানে সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্প দেখানো হয়। মেহেমুদ খান বলেন, সত্যি খুব সুন্দর হয়েছে এই ক্যাম্প। প্রচুর মানুষ আসছেন এখানে। এছাড়াও ক্যাম্পে আসা মানুষজনের সঙ্গে তারা কথাঝ বলেন। পরে তারা আঝাপুর অঞ্চলে দুয়ারে সরকার ক্যাম্পে যান। সেখানে এই অতিথিরা ছাড়াও ছিলেন পঞ্চায়েত প্রধান কাশীনাথ হেমব্রম, উপ প্রধান অশোক ঘোষ, ডাঃ প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা। সেখানেও তারা ক্যাম্প ঘুরে দেখেন। কথা বলেন সাধারণ মানুষজনের সঙ্গে। তাদের চাহিদা পূরণে সহযোগিতা করেন।


