৬ দফা দাবি নিয়ে ডিআই অফিস অভিযান ও ডেপুটেশন এসএফআইয়ের

 

ট্যাবের টাকার হিসেব চাই। শিক্ষক ছাত্র অনুপাতে সমস্ত স্কুলে শিক্ষক নিয়োগ চাই। সমস্ত স্কুল ও মাদ্রাসায় বকেয়া কম্পোজিট গ্রান্ট দ্রুত সরবরাহ করতে হবে। স্কুল পরিচালন সমিতির নির্বাচন করতে হবে। প্রতিটি স্কুলে ইন্টার্নাল কমপ্লেইন কমিটি গঠন ও তার কার্যকারিতা সম্পর্কে সচেতনতা গড়তে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করতে হবে। স্কুলে ভর্তির ফি ২৪০ টাকার বেশি নেওয়া যাবে না, এই ৬ দফা দাবিকে সামনে রেখে এসএফআই য়ের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ডিআই অফিসে অভিযান ও ডেপুটেশন দেওয়া হয়। এই কর্মসূচীকে সামনে রেখে মিছিল করে ছাত্রছাত্রীরা এদিন ডিআই অফিস আসেন। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি প্রবীর ভৌমিক, জেলা সম্পাদক উষসী রায় চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি প্রবীর ভৌমিক, রাজ্য কমিটির সদস্য অয়ন ঘোষ, জেলা সম্পাদক মন্ডলী সদস্য অয়ন মন্ডল, দেবাঞ্জন দে, সৌম্য চট্টোপাধ্যায়, সন্দীপ মন্ডল সহ জেলার স্কুল সাব কমিটির কনভেনার ঋত্বিক মন্ডল। এসএফআইয়ের নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, এদিন ডিআই অফিসে প্রথমে তাদের ডেপুটেশন গ্রহণ করা হয়নি। পরে অবস্থান-বিক্ষোভের চাপে পড়ে ডিআই অফিসের আধিকারিকরা ডেপুটেশন নিতে বাধ্য হন। ছাত্র সংগঠনের নেতৃত্বরা জানান, তাদের ডেপুটেশনের দাবি বাস্তবায়িত না হলে ভবিষ্যতে তারা শহর থেকে গ্রাম, আর গ্রাম থেকে স্কুলের গেট পর্যন্ত তাদের আন্দোলনকে ছড়িয়ে দেবেন।