1
২১ জুলাই শহীদ স্মরণ সভায় যাওয়ার আহ্বান স্বপনের
প্রতিবছরের মতো এবছরও ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এই সভাকে সফল করার জন্য তার নিজের বিধানসভা এলাকা থেকে রেকর্ড সংখ্যক কর্মী-সমর্থকদের সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ। এই উপলক্ষ্যে আয়োজিত এক কর্মীসভায় স্বপন দেবনাথ বলেন, এক্ষেত্রে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। তৃণমূলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের কাছে একুশে জুলাইয়ের সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানাতে হবে। স্বপন দেবনাথ বলেন, এবারও আমরা এ বিষয়ে প্রচারে গুরুত্ব দিয়েছি। আমরা আশাবাদী পূর্বস্থলী ১ নম্বর ব্লক থেকে বিপুল সংখ্যক তৃণমূলের কর্মী-সমর্থক ২১ জুলাই কলকাতায় উপস্থিত হবেন। এই প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। তিনি বলেন, এবারের এই সভায় জেলার প্রতিটি ব্লক ও শহর এলাকা থেকে বিপুল সংখ্যক যুবকর্মীরা কলকাতার ধর্মতলায় উপস্থিত হবেন। এই সভায় উপস্থিত তৃণমূলের কর্মী-সমর্থকদের ২১ জুলাইয়ের সভাকে সফল করার জন্য কলকাতার ধর্মতলায় উপস্থিত হওয়ার আহ্বান জানান পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক। এই সভাকে সফল করতে সর্বতোভাবে প্রচার কর্মসূচী চালানো হচ্ছে বলে জানান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার পান্ডে। তিনি বলেন, দেওয়াল লিখন, পোস্টারিং, মিটিং, মিছিল এইসবের মধ্যে দিয়েই এখানে প্রচার কর্মসূচীতে গুরুত্ব দেওয়া হয়েছে। এই সভা অনুষ্ঠিত হয় স্থানীয় নজরুল মঞ্চে।
2
পঞ্চায়েত সমিতির উদ্যোগে হুল দিবস পালন
পূর্ব বর্ধমান জেলার জামালপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মহাসমারোহে হুল দিবস পালন করা হলো। জামালপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থসারথী দে, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, ব্লক কৃষি আধিকারিক সঞ্জিবুল ইসলাম প্রমুখ। সিধু ও কানুর মূর্তিতে মাল্যদান করেন অতিথীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে সিধু ও কানুর ভূমিকা, তাঁদের আত্মত্যাগের কথা তুলে ধরেন বিশিষ্টরা। এই অনুষ্ঠানে বাল্যবিবাহ নিয়ে বক্তব্যের মাধ্যমে প্রচার করা হয়। ব্লকের আদিবাসী সম্প্রদায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্বর্ধিতও করা হয়। উপস্থিত ছিলেন এলাকার মাজিবাবারা।


