২১ জুলাইকে কেন্দ্র করে বিধায়কের উদ্যোগে সভা | বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারী দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো | কালাপাহাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক


1
২১ জুলাইকে কেন্দ্র করে বিধায়কের উদ্যোগে সভা

প্রতিবছরের মতো এবছরও কলকাতার ধর্মতলায় একুশে জুলাইকে কেন্দ্র করে শহীদ স্মরণসভা অনুষ্ঠিত হবে। এই সভাকে সফল করার লক্ষ্যে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে বিধায়ক খোকন দাসের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভাতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, এসবিএসটিসি-র চেয়ারম্যান সুভাষ মন্ডল, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নীলা মুন্সি, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় সহ বিশিষ্টজনেরা। এই সভায় বিধায়ক খোকন দাস বলেন, ২১ জুলাই বর্ধমান শহরের ৩৫টি ওয়ার্ড থেকেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের কলকাতার ধর্মতলায় উপস্থিত হতে হবে। তারজন্য সবরকম ভাবে প্রচার কর্মসূচী চালানো হচ্ছে। এই সভায় বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা আমাদের সেদিন যে দিক নির্দেশ করবেন সেই মতো আমরা ২০২৬ এর বিধানসভার নির্বাচনকে সামনে রেখে আমাদের নির্বাচনী প্রস্তুতির কাজ শুরু করে দেব।

2
বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারী দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো

বর্ধমানের ৪ নম্বর ওয়ার্ডে বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি বারোয়ারী দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, কাউন্সিলর ইন্তেখাব আলম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আলম সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন নারকেল ফাটিয়ে এই পূজার্চনার আনুষ্ঠানিক সূচনা করেন খোকন দাস। নুরুল আলম বলেন, এবছর দুর্গোৎসবের থিম হল কাশী বিশ্বনাথ ধাম। যাকে কেন্দ্র করে পুজোর সময় বাজেপ্রতাপপুর হয়ে উঠবে মহাদেবের নগরী কাশী। আমরা এই দুর্গোৎসবকে জেলার একটি সেরা দুর্গোৎসব হিসাবে পরিণত করেছি। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এগিয়ে চলার পথকে আরো মসৃণ করে তুলেছে। আমরা আশাবাদী, এবারও আমরা মানুষের মন জয় করতে পারব।

3
কালাপাহাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিধায়ক

মহরমকে কেন্দ্র করে বর্ধমানে কালাপাহাড়ি ঢাল-এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, প্রবীণ কাউন্সিলর অরূপ দাস, পুরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক, কাউন্সিলর স্বীকৃতি হাজরা, সাহাবুদ্দিন খান, ইন্তেখাব আলম, সমাজসেবী তন্ময় সিংহ রায়, জয়দেব মুখার্জী প্রমুখ। খোকন দাস বলেন, প্রতিবছরই মহরমকে কেন্দ্র করে এখানে কালাপাহাড়ি ঢাল-এর উদ্বোধন করা হয়। সব ধর্ম, সব সম্প্রদায়ের মানুষ এখানে আসেন, পুজো দেন। এক সম্প্রীতির বাতাবরণ তৈরী হয় এখানে। এ প্রসঙ্গে জানাতে গিয়ে মহরম কমিটির সভাপতি আমজাদ হোসেন বলেন, প্রতিবছরই এখানে বিধায়ক উপস্থিত থাকেন। অন্যান্য অতিথিরা আসেন। সকলের আন্তরিক উপস্থিতি এক মেলবন্ধন তৈরী করে। তিনি কালাপাহাড়ির ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন।