১০৬ বছরে পা, পুরুলিয়ার চিতোড়া সার্বজনীন দুর্গাপূজায় এই প্রথম অনুষ্ঠিত হল রাবণ দহন
১৯২০ সালে গ্রামবাসীদের উদ্যোগে শুরু হওয়া পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত চিতোড়া সার্বজনীন দুর্গাপূজা এ বছর ১০৬ বছরে পদার্পণ করল। দীর্ঘ ঐতিহ্যের এই পুজোয় প্রথমবার পুজো কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল রাবণ দহন। উদ্যোক্তাদের দাবি, এর আগে এই অঞ্চলে রাবণ দহনের প্রচলন ছিল না।
রাবণ দহন দেখতে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষের ভিড় জমে। নিরাপত্তার দায়িত্বে ছিল টামনা থানার পুলিশ ও পুজো কমিটির স্বেচ্ছাসেবকেরা। পাশাপাশি, জরুরি পরিস্থিতি মোকাবিলায় অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসা এবং বিদ্যুৎ বিভাগের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। রাবণ দহনের পাশাপাশি আয়োজন করা হয় আতশবাজি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
চিতোড়া সার্বজনীন দুর্গাপূজার ঐতিহ্য মেনে বিজয়া দশমীর পরিবর্তে একাদশীর দিন দেবী দুর্গার নিরঞ্জন করা হয়। পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, প্রথমবার রাবণ দহনে মানুষের সাড়া দেখে তাঁরা উৎসাহিত। আগামী দিনেও এই আয়োজন চালিয়ে যাওয়ার পাশাপাশি আরও বড় পরিসরে আতশবাজি প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে।


