হেলমেট পরিয়ে পুলিশ ভ্যানে তোলা হলো ‘দাতা লালন’কে, থানা চত্বরে চোর চোর স্লোগান-ডিমবৃষ্টি
জেলার আউশগ্রামে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ২৬ জুনের ঘটনা। তোলাবাজি-সহ একাধিক ফৌজদারি অভিযোগে গ্রেফতার করা হয় আউশগ্রাম-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল লালন ওরফে ‘দাতা লালন’-কে। তার সঙ্গে একই মামলায় গ্রেপ্তার করা হয় তার ছেলে আফজল রহমান ওরফে সঞ্জু-কেও। দীর্ঘ কয়েকদিন গা-ঢাকা দিয়ে থাকার পর শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন তিনি। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে তাকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে থানার বাইরে আনার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের একাংশ ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকে। অভিযোগ, সেই সময় অভিযুক্তকে লক্ষ্য করে ডিমও ছোঁড়া হয়। পরিস্থিতি সামাল দিতে এক প্রকার হিমসিম খেতে হয় পুলিশকে।
পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তারজন্য আগে থেকেই ছিল কড়া পুলিশী নিরাপত্তা। সম্ভাব্য হামলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে আব্দুল লালনের মাথায় হেলমেট পরিয়ে পুলিশ ভ্যানে তোলা হয়। তাকে ঘিরে তৈরি করা হয় শক্ত নিরাপত্তা বলয়। এরপর পুলিশী পাহারায় তাকে বর্ধমান জেলা আদালতে নিয়ে যাওয়া হয়। এই দৃশ্য ঘিরে আদালত চত্বর ও থানা এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তোলাবাজি, মারধর, ভয় দেখানো, চুরি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার দু’জনকেই একসঙ্গে বর্ধমান জেলা আদালতে তোলা হয়। বর্ধমান জেলা আদালতে তোলার সময় দাতা লালন বলেন, পরিস্থিতি যা রয়েছে সেরকম ভাবেই আমাদের চলতে হবে।



