সম্প্রীতি দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির


সম্প্রীতি দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির

৬ ডিসেম্বর সম্প্রীতি দিবস উপলক্ষ্যে মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মেমারি নতুন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই শিবিরের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেখ ফারুক আব্দুল্লা সহ মেমারি পৌরসভার কাউন্সিলরবৃন্দ। এই অনুষ্ঠানে উজ্জ্বল প্রামাণিক বলেন, এখানে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তার গুরুত্ব অপরিসীম। কারণ রক্তের কোনো বিকল্প হয় না। রক্ত সুদীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় না। আবার মানুষের শরীরে থাকা রক্ত অন্য কোনো পদ্ধতিতে তৈরী করাও যায় না। তাই রক্তদান শিবিরের আয়োজনের মধ্যে দিয়ে বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের যে যোগান তা স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। আজ এই রক্তদান শিবিরে যে রক্তদাতারা রক্তদান করছেন তাদের আমি সাধুবাদ জানাই। উজ্জ্বল বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে সরকার গঠনের পর এই ধরনের রক্তদান শিবিরের আয়োজনের মধ্যে দিয়ে আজ রক্তদানকে উৎসবের রূপ দিতে পেরেছেন। এর কৃতিত্ব অবশ্যই মুখ্যমন্ত্রীর। আসুন আমরা মানুষকে সঙ্গে নিয়ে এই রক্তদানের মহতী কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে চলি। কারণ এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী বলেন, রক্তদান মূলত জীবন দান। রক্তদানের মধ্যে দিয়ে আরেকটি মানুষের জীবনকে সুরক্ষিত রাখা সম্ভব হয়। তাই যারা রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণ করেন তারা মূলত মানুষকে জীবন দানের অঙ্গীকার করে থাকেন। সেখ ফারুক আব্দুল্লা বলেন, এখানে যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা আন্তরিকভাবে সচেষ্ট হয়ে এই শিবিরকে সফল করে তুলেছেন। আমরা এই শিবিরে যারা রক্তদান করেছেন তাদের প্রত্যেককে সাধুবাদ জানিয়েছি। আশারাখি, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ গ্রহণে আবারও সকলের সহযোগিতা পাব।