1
শিক্ষক দিবসে শিক্ষকদের বাড়িতে গিয়ে প্রণাম নিবেদন মন্ত্রীর
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন রাজ্যের বর্তমান মন্ত্রী তথা পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ। আর এই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন যে সমস্ত শিক্ষকের সান্নিধ্য তিনি পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন উপাচার্য অমিত কুমার মল্লিক এবং প্রাণেশ দাস। ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষ্যে এই দুই প্রাক্তন শিক্ষকের বাড়িতে গিয়ে তাঁদের শ্রদ্ধা নিবেদন করলেন স্বপন দেবনাথ। তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এঁদের কাছ থেকে জ্ঞান আহরণ করতে পেরেছি। আজ জীবনে যতটুকু পথ অতিক্রম করতে পেরেছি, তা সবটাই এঁনাদের কাছ থেকে শিক্ষা পাওয়ার কারণে। এঁরা প্রকৃত অর্থেই শিক্ষক ছিলেন। আমার মনে হয় শিক্ষকতা একটা নোবেল প্রফেশন, এটা চাকরি নয়। আমি নিজেও বিদ্যালয়ে শিক্ষকতা করেছি, কলেজেও পড়িয়েছি। আমি যে শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি, তারা শিক্ষকতাটাকে নোবেল প্রফেশন বলেই মনে করতেন। আমার মনে হয় প্রত্যেক শিক্ষকেরই সেটাই মনে করা উচিত। (পজ্)
2
প্রাক শিক্ষক দিবস পালন কাঞ্চননগরের বিদ্যালয়ে
এ বছর ৫ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকায় ছাত্রছাত্রীরা আবেদন করেছিল আগের দিন প্রাক শিক্ষক দিবস উদযাপন করার। সেইমতো ৪ সেপ্টেম্বর কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আয়োজনে একটি মনোজ্ঞ অনুষ্ঠানে শিক্ষকদের বরণ করা হয়। সঙ্গীত ও নৃত্যের মধ্যে দিয়ে দিনটির সাক্ষী রইলেন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সকলেই। উদ্বোধনী সঙ্গীত আগুনের পরশমণি সুরে সুরে উষ্ণতা ছড়িয়ে দেয় সমগ্র প্রেক্ষাগৃহে। সঞ্চালক ছাত্র সুরজ কুরি দেশবিদেশের শিক্ষক ও শিক্ষকতার অমূল্য বৃত্তিকে সম্মান জানিয়ে সকল শিক্ষককে সম্মান জ্ঞাপন করে। এদিন সকল শ্রেণিতে প্রথম পিরিয়ডে পাঠদান করে ছাত্রছাত্রীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক ড সুভাষচন্দ্র দত্ত তাঁর ভাষণে বলেন, শিক্ষা শুধু লেখাপড়ায় নয়, জীবনে যুক্ত থাকে। ফলে শিক্ষার ছাপ থাকে চরিত্রে, কর্মে। রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনান শিক্ষক কমল সাহা।
আমরা রঙিন প্রজাপতি সমবেত গানে গলা মেলায় সপ্তম শ্রেণির ছাত্রীরা। ছাত্রছাত্রীদের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়। এক মনোরম পরিবেশে শেষ হয় শিক্ষক দিবসের অনুষ্ঠান। (পজ্)
3
পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শনে সাংসদ
পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শন করতে এলেন বর্ধমান পূর্বের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার। জামালপুরে পারাতল অঞ্চলের পারাতল প্রাথমিক বিদ্যালয় ও আঝাপুর অঞ্চলের আঝাপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই ক্যাম্প। সাংসদের সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জয়েন্ট বিডিও রুদ্রেন্দু নন্দী, দুই প্রধান কামিনী কুমুদ ঘোষ ও দুই উপ প্রধান উত্তম হাজারী ও অশোক ঘোষ, দুই অঞ্চল সভাপতি মৃণাল কান্তি ঘোষ ও প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা। হাতের কাছে ডাক্তারবাবু সাংসদকে কাছে পেয়ে সকলে, বিশেষ করে মহিলারা তার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন। সাংসদ ডাক্তার শর্মিলা সরকার বলেন, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তার সুফল আমরা সবাই পাচ্ছি। যারা সরকারি বিভিন্ন প্রকল্পের সাহায্য পাননি তাদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী এই পাড়ায় সমাধান চালু করেছেন। সেইজন্যই তিনি অনন্যা। মেহেমুদ খান বলেন, অত্যন্ত ব্যস্ততার মধ্যেও এম পি ম্যাডাম জামালপুরে পাড়ায় সমাধান ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই পাড়ায় সমাধান সত্যি জনমানসে সাড়া ফেলে দিয়েছে। সাধারণ মানুষরা সরাসরি সরকারি আধিকারিকের কাছে নিজের পাড়ার সমস্যার কথা তুলে ধরে তার সমাধানের ব্যবস্থা নিজেরাই করতে পারছেন। যা আগে কোনোদিন হয়নি। তাই এটা একটা দৃষ্টান্ত বলা যায়।
4
ব্যাটারি ই-বাইক শোরুম-এর উদ্বোধন
ব্যাটারি চালিত ই-বাইক শোরুমের উদ্বোধন হলো। তাজ অটোমোবাইলে পক্ষ থেকে এই বাইক শোরুমের সূচনা হলো। উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী তথা বর্ধমান পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারী হালদার। তিনি বলেন, এই শোরুমে অনেকটাই কম দামে বাইক পাওয়া যাবে। এখানে বাইকের দাম ৩৮ হাজার টাকা থেকে শুরু। এরফলে অনেক সাধারণ এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষেও বাইক কেনা সম্ভব হবে। এর ফলে অনেকেই উপকৃত হবেন।


