রাস্তা তৈরীর কাজে নিজেই হাত লাগালেন গ্রাম পঞ্চায়েত সদস্যা
অনেকেই অভিযোগ করে থাকেন, কেউ একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে গেলে তারপর আর এলাকায় তার দেখা মেলে না। এ কথাটা কিছু মানুষের ক্ষেত্রে সত্য হলেও সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। আর তারই উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাওয়া গেল খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের গ্রাম পঞ্চায়েত সদস্যা নীলুফা বেগমের ক্ষেত্রে। তিনি তার এলাকায় একটি ঢালাই রাস্তা তৈরীর কাজ দাঁড়িয়ে থেকে যেমন তদারকি করলেন, তেমন আবার হাত লাগালেন সেই কাজেতেও। স্বাভাবিকভাবেই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয়দের। এ প্রসঙ্গে নীলুফা বেগম জানিয়েছেন, কৈয়র গ্রাম পঞ্চায়েতের গুইর গ্রামে দুর্গাপদ দত্তর বাড়ির এলাকা থেকে শুরু করে লক্ষ্মীনারায়ণ ঘোষের বাড়ি পর্যন্ত প্রায় ১০০ মিটার রাস্তা ঢালাই করা হচ্ছে। এই কাজ নিজে দাঁড়িয়ে থেকে তিনি তদারকি করছেন বলে জানালেন নীলুফা। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নমূলক কাজ সরেজমিনে দেখাটা আমার কর্তব্য। আর আমি সেই কর্তব্য পালনের জন্যই এখানে দাঁড়িয়ে থেকে সবকিছু করাচ্ছি। এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বলেন, আমাদের সকলেরই খুব ভালো লাগছে, দলের একজন নির্বাচিত জনপ্রতিনিধি এইভাবে দাঁড়িয়ে থেকে ঢালাইয়ের কাজ করাচ্ছেন। সেই কাজে নিজেও হাত লাগিয়েছেন। এটা একটা দৃষ্টান্ত বলা চলে। আমরা সকলেই জনপ্রতিনিধি। আমাদেরও উচিত এই ধরনের কাজ থেকে শিক্ষা গ্রহণ করা। অপার্থিব বলেন, যদিও এখানকার বেশিরভাগ জনপ্রতিনিধিই নিজেদের কাজের ব্যাপারে যথেষ্ট সচেতন। তাই তারা সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করে থাকেন। নীলুফা বেগমের এই প্রচেষ্টা আমাদের সকলেরই ভালো লেগেছে।


