ভারতীয় মজদুর সংঘের নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগে বর্ধমান সদর থানায় ডাইরি

ভারতীয় মজদুর সংঘের নাম ভাঙিয়ে তোলাবাজির অভিযোগে বর্ধমান সদর থানায় ডাইরি

এবার ভারতীয় মজদুর সংঘের নাম ব্যবহার করে পূর্ব বর্ধমান জেলায় পথ পরিবহণ সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও গাড়িচালকদের কাছ থেকে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ, নিজেদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের প্রতিনিধি বা পথ পরিবহণ সংস্থার সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবহণ সংস্থার কাছ থেকে টাকা আদায় করছেন। এই ঘটনায় কয়েকজনের নাম সামনে এসেছে বলে জানা গেছে। অভিযোগের তীর মূলত উৎপল মালিক এবং কাটোয়ার কৈচর এলাকার বাসিন্দা অনিমেষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ প্রসঙ্গে ভারতীয় মজদুর সংঘের পূর্ব বর্ধমান জেলা সম্পাদক জিৎ চ্যাটার্জী জানান, “যারা আমাদের সংগঠনের নাম ব্যবহার করে টাকা তুলছে, তাদের সঙ্গে ভারতীয় মজদুর সংঘের কোনও সম্পর্ক নেই। তারা কোনওভাবেই সরকারি স্বীকৃত বা অনুমোদিত প্রতিনিধি নয়। তাদের এই কর্মকাণ্ডের ফলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।”
তিনি আরও জানান, এই ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে বর্ধমান সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।