বর্ধমানে তৃণমূলের প্রচারে কোয়েল মল্লিকের রোড শো
এবার বর্ধমান শহরে তৃণমূল কংগ্রেসের প্রচারে বাড়ল তারকা ঝলক। বর্ধমান দক্ষিণের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী খোকন দাস এবং বর্ধমানে উত্তরের তৃণমূল প্রার্থী নিশীথ কুমার মালিকের সমর্থনে রোড শো ও সভা করলেন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রথমে বর্ধমান উত্তরের তৃণমূল প্রার্থী নিশীথ মালিকের সমর্থনে আউসার জনসভায় ছিলেন কোয়েল মল্লিক। আর তারপরেই বর্ধমান দক্ষিণের তৃনমূলের প্রার্থী খোকন দাসের সমর্থনে বর্ধমান শহরে রোড শোয়ে যোগ দেন কোয়েল মল্লিক। এদিন রোড শো ঘিরে শহরের বিভিন্ন এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ সহ মহিলারা। প্রচণ্ড গরম উপেক্ষা করেই হাজার হাজার মানুষ এই প্রচারে সামিল হন।
বর্ধমান উত্তরে প্রচারের মঞ্চ থেকে কোয়েল মল্লিক বলেন, “নিশীথ মালিক তিনবার জয়ী হয়েছেন, তার মানেই তিনি মানুষের জন্য কাজ করেছেন। সেই বিশ্বাস থেকেই বলছি, চতুর্থবারও উনি বিপুল ভোটে জয়ী হবেন”। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে এক নম্বর বোতাম টিপে জোড়া ফুল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


