পথ নিরাপত্তা সপ্তাহ পালন | তিনদিনব্যাপী জেলাস্তরে নৃত্য কর্মশালা | ২১ জুলাইয়ের সভা সফলে প্রস্তুতি সভা


1
পথ নিরাপত্তা সপ্তাহ পালন

পূর্ব বর্ধমান জেলার ট্রাফিক পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো। ট্রাফিক হেডকোয়ার্টার-এর নির্দেশে জেলার ট্রাফিক গার্ড ও থানা সহ বিভিন্ন ক্লাব, স্কুল, কলেজ, গাড়ির ড্রাইভার এবং সাধারণ পথচারীদের নিয়ে পথ নিরাপত্তা সপ্তাহের বিভিন্ন অনুষ্ঠান করা হয়। ট্রাফিক পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, দপ্তরের সিনিয়র অফিসারদের অডিও ও ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে হেলমেট পরা, সিট বেল্ট ব্যবহার করা, সচেতন হয়ে গাড়ি চালানো, সাবধানে রাস্তা পারাপার করা এবং গাড়ির ড্রাইভারদের সচেতন হওয়ার বিষয়গুলিতে গুরুত্ব প্রদান করা হয়। এক্ষেত্রে জেলাজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও রালির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। এর পাশাপাশি ৮ জুলাই পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে একটি রালি বর্ধমানের বীরহাটা থেকে শুরু হয়ে কার্জেন গেট পর্যন্ত পথ পরিক্রমা করে। এর মধ্যে দিয়ে পথ নিরাপত্তার বিষয়টি মেনে চলার জন্য সাধারণ মানুষের কাছে বার্তা দেওয়া হয়।

2
তিনদিনব্যাপী জেলাস্তরে নৃত্য কর্মশালা

তিনদিন ব্যাপী নৃত্য কর্মশালা শুরু হয়েছে বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের রাজেন্দ্র ভবনে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ নৃত্য আকাডেমির আয়োজনে এবং পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ৭ জুলাই কত্থক নৃত্যের কর্মশালা শুরু হয়। এই কর্মশালা চলবে ৯ জুলাই পর্যন্ত। এ খবর জানিয়েছেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল। এই নৃত্য কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী অমিতা দত্ত। প্রথম দিন প্রদীপ প্রজ্জলন করে এই নৃত্য কর্মশালার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য নৃত্য আকাডেমির সচিব সূর্য ব্যানার্জী ও প্রশিক্ষক অমিতা দত্ত। তারা দুজনেই এই ধরনের নৃত্য কর্মশালা আয়োজনের প্রাসঙ্গিকতার দিক তুলে ধরেন। রামশঙ্কর মন্ডল জানান, এই কর্মশালায় অডিশনের মাধ্যমে ৪৮ জন ছাত্রছাত্রীকে বাছাই করা হয়েছে। মূলত, ছাত্র-ছাত্রীদের নৃত্যের মান উন্নয়নে এই ধরনের কর্মশালার আয়োজন। কর্মশালার শেষ দিন অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। এই কর্মশালায় অংশ নিতে পেরে খুশি প্রশিক্ষার্থীরাও। তারা বলেন, তাদের কাছে অনেক অজানা বিষয় প্রশিক্ষণ পর্বে তুলে ধরা হয়েছে। যা তাদের নৃত্য শিক্ষার জ্ঞানকে অনেকটাই পরিমার্জিত করতে সাহায্য করেছে। (পজ্)

3
২১ জুলাইয়ের সভা সফলে প্রস্তুতি সভা

প্রতিবছরই কলকাতার ধর্মতলায় একুশ জুলাই শহীদ স্মরণসভার আয়োজন করা হয়। এই সভাকে সফল করার জন্য বর্ধমান থেকে তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত হন। এ বছরও কলকাতায় একুশ জুলাই তৃণমূলের কর্মী সমর্থকদের উপস্থিত হওয়ার আহ্বান জানাতে বর্ধমান শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আলপনা হালদারের উদ্যোগে স্থানীয় রবীন্দ্রভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রণব চ্যাটার্জী, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী মল্লিকা চোংদার, রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সম্পাদিকা শিখা সেনগুপ্ত, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রব, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস, বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিরূপ যশ, বর্ধমান শহর আইএনটিটিইউসির সভাপতি প্রসেনজিৎ কুণ্ডু, শহর জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। একুশে জুলাইয়ের সভাকে সফল করার জন্য কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের উপস্থিত হওয়ার আহ্বান জানান রাসবিহারী হালদার। তিনি বলেন, একুশ জুলাইয়ের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আমরা প্রত্যেকে উপস্থিত হবো। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনবো। তাঁরা যে বার্তা দেবেন সেই মতো ভবিষ্যতে কাজ করবো।