নিরাপত্তা জোরদার করতে বর্ধমান শহরে সেন্ট্রাল ফোর্সের রুটমার্চ | বাড়ি ফেরার পথে গাড়ি খারাপ, স্কুল পড়ুয়াদের বাড়ি পৌঁছে দিলেন ট্রাফিক ওসি | রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে নাগরিক পরিষেবায় ঘাটতির অভিযোগ কংগ্রেস প্রার্থীর 1


নিরাপত্তা জোরদার করতে বর্ধমান শহরে সেন্ট্রাল ফোর্সের রুটমার্চ

১০ এপ্রিল বিকেলে বর্ধমানে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রশাসনের উদ্যোগে সেন্ট্রাল ফোর্স রুটমার্চ করলো। শহরের গুরুত্বপূর্ণ ঘরদৌড়চটি এলাকায় জিটি রোড থেকে শুরু করে বীরহাটা পর্যন্ত এই রুটমার্চ অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছে প্রশাসন। গোটা রুটমার্চ জুড়ে পুলিশের কড়া নজরদারি ছিল লক্ষ্য করার মতো। রাস্তায় দাঁড়িয়ে বহু সাধারণ মানুষ এই রুটমার্চ প্রত্যক্ষ করেন এবং প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান। এই রুটমার্চের নেতৃত্বে ছিলেন ডিএসপি দেবাশিস চক্রবর্তী এবং বর্ধমান সদর থানার আইসি দেবব্রত মুখার্জী। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, তার জন্যই নিয়মিতভাবে এই ধরনের ফ্ল্যাগ মার্চ ও রুটমার্চ চালানো হচ্ছে। পুলিশ আধিকারিকরা জানান, আগামী দিনগুলিতেও শহরের বিভিন্ন এলাকায় এই ধরনের রুট মার্চ হবে। বিধানসভা নির্বাচন পর্যন্ত এই ধরনের রুটমার্চ চলবে।

2
বাড়ি ফেরার পথে গাড়ি খারাপ, স্কুল পড়ুয়াদের বাড়ি পৌঁছে দিলেন ট্রাফিক ওসি

বিভিন্ন সরকারি স্কুলে এখন পরীক্ষা চলছে। স্কুলে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়। এরফলে কার্জন গেট এলাকায় তিন স্কুল পড়ুয়া সমস্যায় পড়ে। বর্ধমানের দুবরাজদিঘী এলাকার বাসিন্দা তারা। গোটা বিষয়টি নজরে আসে ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জীর। তিনি নিজের উদ্যোগে তাদের বাইকে চাপিয়ে বাড়িতে পৌঁছে দেন। । এমনই মানবিক ছবি দেখা গেল বর্ধমান শহরে। ট্রাফিক আইন লঙ্ঘন করলে যেমন কড়া হাতে তা দমন করেন চিন্ময় ব্যানার্জী, তেমনই বিভিন্ন রকম মানবিক ভূমিকাতেও দেখা যায় তাকে। বিভিন্ন সময়ে সমস্যায় পড়া মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে তাকে। এদিন দেখা গেল স্কুল পড়ুয়াদের নিজের উদ্যোগে বাড়িতে পৌঁছে দিতে। এলাকার মানুষরা চিন্ময় ব্যানার্জীর প্রশংসায় পঞ্চমুখ। তারা বলেন এই ধরনের পুলিশ আধিকারিক থাকলে তারা ছেলেমেয়েদের জন্য নিশ্চিন্ত থাকতে পারেন।

3
রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে নাগরিক পরিষেবায় ঘাটতির অভিযোগ কংগ্রেস প্রার্থীর

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পাল্টা ‘জয় বর্ধমান’ স্লোগান তুলে শহরের নাগরিক পরিষেবার একাধিক সমস্যাকে সামনে নিয়ে এলো জাতীয় কংগ্রেস। ১০ এপ্রিল সাংবাদিক সম্মেলন করে বর্ধমান দক্ষিণের কংগ্রেস প্রার্থী গৌরব সমাদ্দার বলেন, শহরের পরিকাঠামোগত ঘাটতি রয়েছে প্রচুর। শহরের বহু ওয়ার্ডে রাস্তাঘাটের অবস্থা বেহাল। কোথাও বড় গর্ত, কোথাও অসম্পূর্ণ মেরামতির ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়ছে। বর্ষার সময় নিকাশি ব্যবস্থার দুর্বলতা ধরা পড়ে যায়। কারণে সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় বেশিরভাগ রাস্তায়। দোকানপাট ও বসতবাড়িতেও জল ঢোকার অভিযোগ রয়েছে শহর জুড়ে। পানীয় জলের ক্ষেত্রেও অনিয়মিত সরবরাহ ও পাইপলাইনের সমস্যার কথা তুলে ধরেন গৌরব। শহরের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত রাস্তার আলো না থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মেয়েদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। একই সঙ্গে শহরে পরিকল্পিত পার্কিং ব্যবস্থার অভাব, টোটো চলাচলের নির্দিষ্ট নিয়ম না থাকা এবং যানজটের সমস্যার কথাও তুলে ধরেন গৌরব। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুদীপ মজুমদার, রাকেশ শর্মা ও সাধন চট্টোপাধ্যায়।