দক্ষিণেশ্বরে রাতভর বুলডোজার অভিযান, নিবেদিতা সেতুর নীচে উচ্ছেদ ১৯৬ টি অবৈধ দোকান-গুমটি
দক্ষিণেশ্বরে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নিবেদিতা সেতুর নীচে যৌথ উচ্ছেদ অভিযান চালায় ন্যাশনাল হাইওয়ে অথরিটি, পূর্ত দপ্তর ও দক্ষিণেশ্বর থানার পুলিশ। বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয় ১৯৬টি অবৈধ দোকান ও বাস গুমটি।
প্রশাসনের দাবি, সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দোকানপাট গড়ে উঠেছিল, তা সরাতেই এই অভিযান। গোটা এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
অভিযান চলাকালীন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ উচ্ছেদ বন্ধের আবেদন জানান। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা উচিত নয়। তবে নিরাপত্তার মধ্যেই প্রশাসন রাতভর অভিযান চালিয়ে অবৈধ দখল সম্পূর্ণ সরিয়ে দেয়।


