ঝাড়খণ্ড সীমান্তে বড় সাফল্য, ৯.৬ কুইন্টাল অবৈধ কয়লা বাজেয়াপ্ত
পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমান্ত সংলগ্ন গোলামার পঞ্চায়েতের পীড়ারগড়িয় গ্রামে অভিযান চালিয়ে ৯.৬ কুইন্টাল অবৈধ কয়লা বাজেয়াপ্ত করেছে মফস্বল থানার সাদা পোশাকের পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে ভোররাতে গ্রামের ভিতরের রাস্তায় ওত পেতে ছিল পুলিশের বিশেষ দল। ঝাড়খণ্ড সীমান্ত পেরিয়ে কয়লা বোঝাই কয়েকটি যানবাহন গ্রামে ঢুকতেই সেগুলিকে আটকানো হয়। তল্লাশিতে ২টি মোটরসাইকেল ও ৬টি বাইসাইকেল থেকে মোট ৯.৬ কুইন্টাল অবৈধ কয়লা উদ্ধার হয়।
ধৃতদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা এবং অপরজন পুরুলিয়ার স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। দুজনকেই আদালতে পাঠানো হচ্ছে।
নতুন পুলিশ সুপারের নির্দেশে সীমান্ত এলাকায় অবৈধ কয়লা পাচার রুখতে বিশেষ নজরদারি ও তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে।


