জামালপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য বাইক মিছিল


জামালপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য বাইক মিছিল

শনিবার জামালপুরে সভা করে গেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় কোনো ভাবে সাড়ে তিন হাজার মতো লোক হয়েছিল। অনেক চেয়ার ছিল খালি। আবার গাড়ি থেকে নামানোই হয়নি শয়ে শয়ে চেয়ার। এমনটাই জানা গেছে স্থানীয় সূত্রে। সেই সভার পরের দিনই এলাকায় নিজেদের শক্তি প্রদর্শন করে দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেস। হালারা বিপত্তারিণীতলা থেকে আটপাড়া সমবায় স্টোর পর্যন্ত এবং সেখান থেকে বাঁধের রাস্তা ধরে আবার জামালপুর পর্যন্ত এক বিশাল বাইক র‍্যালী হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে। হাজার হাজার কর্মী সমর্থক বাইক নিয়ে এই মিছিলে যোগ দেন। পুরো রাস্তা জুড়ে চলে এই মিছিল। রাস্তার দুধারে প্রচুর মানুষ দাঁড়িয়ে ভূতনাথ মালিককে শুভেচ্ছা ও সমর্থন জানান। প্রতিটি দোকানদার দোকান থেকে বের হয়ে এসে ভূতনাথ মালিকের উদ্দেশ্যে হাত নেড়ে তাকে সমর্থন জানান। আর গাড়ি থেকে সাংসদ,ব্লক সভাপতি ও প্রার্থী সকলের উদ্যেশ্যে কখনও হাত নেড়ে, কখনও হাতজোড় করে প্রণাম করে সাধারণ মানুষের সমর্থন চান। বাজনার তালে তালে কর্মীদের উচ্ছ্বাস চোখে পড়ে। সাংসদ ডাঃ শর্মিলা সরকার বলেন, মেহেমুদ দার নেতৃত্বে জামালপুরে যখন মিছিল হয় তখন সেটা মহামিছিলে পরিণত হয়। আজকে ভূতনাথ মালিকের সমর্থনে এই মিছিলে উপস্থিত কর্মী সমর্থকের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে জামালপুরের মানুষ ভূতনাথ মালিককেই চাইছেন বিধায়ক হিসাবে। তিনি আশাবাদী লোকসভা নির্বাচনের থেকেও ভালো ফল হবে। মেহেমুদ খান বলেন অনেকে সোনার জামালপুর গড়ার কথা বলছেন। তাদের তিনি বলেন, এই রাজ্যকে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক আগেই সোনার বাংলা করে দিয়েছেন। তাই আর নতুন করে কাউকে না ভাবলেও হবে। জামালপুরে বিরোধীদের সেইভাবে কোনো সংগঠন নেই। এখান থেকে ভূতনাথ মালিক বিপুল ভোটে জিতবেন। প্রার্থী ভূতনাথ মালিক বলেন, জামালপুরের মানুষ তাঁর পাশেই আছেন। এখানকার মানুষের উন্নয়নের পক্ষেই ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন। তাই নিজের জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী।