1
চোরবাগান কাণ্ডে তদন্তে SIT, ঘটনাস্থলে দ্বিতীয়বার ফরেন্সিক দল, 3D স্ক্যানারে খতিয়ে দেখা হল মণ্ডপ
কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে SIT। বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিটে ছয় সদস্যের SIT দল ঘটনাস্থলে পৌঁছয়। দলে ছিলেন তিন জন মহিলা ও তিন জন পুরুষ সদস্য। সঙ্গে ছিলেন ডিসি ডিডি-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। দুপুর ১টা ২৪ মিনিটে ঘটনাস্থল ছাড়েন SIT-এর সদস্যরা।
তদন্তকারীরা মণ্ডপের ভিতর ও বাইরের অংশ খতিয়ে দেখেন। ঘটনার দিন আলো-আঁধারি পরিবেশ, মঞ্চ ও প্রতিমার সঙ্গে দর্শনার্থীদের দূরত্ব এবং মণ্ডপের সামগ্রিক পরিস্থিতি পরীক্ষা করা হয়। SIT দল চলে যাওয়ার পর দুপুর ১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিক দল। ঘটনার দিন রাতেও নমুনা সংগ্রহ করেছিলেন বিশেষজ্ঞরা। এ দিন দ্বিতীয়বার নমুনা সংগ্রহের পাশাপাশি মণ্ডপের বিভিন্ন অংশ পরীক্ষা করে দুপুর ২টো নাগাদ তাঁরা ঘটনাস্থল ছাড়েন।
তদন্তে ব্যবহার করা হয় 3D স্ক্যানার। এর মাধ্যমে ঘটনার সময় মণ্ডপের বিন্যাস ও পরিস্থিতি পুনর্গঠনের চেষ্টা করছেন তদন্তকারীরা। ভিড়ের চাপে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
শ্বাসরোধে একাধিক মানুষের মৃত্যুর অভিযোগের প্রেক্ষিতে মণ্ডপের এসি ও ভেন্টিলেশন ব্যবস্থাও পরীক্ষা করছে ফরেন্সিক দল। সূত্রের খবর, মণ্ডপে মোট ১৩৪ টন ক্ষমতার এসি ছিল। উপস্থিত দর্শনার্থীদের সংখ্যার তুলনায় এই ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার দিন বিকেল থেকে মণ্ডপে কত মানুষের ভিড় হয়েছিল, সেই তথ্যও পুলিশের কাছ থেকে সংগ্রহ করছে ফরেন্সিক দল। বায়ু চলাচলের ব্যবস্থা এবং ভিড়ের সঙ্গে এসি ও ভেন্টিলেশনের সামঞ্জস্যও তদন্তের আওতায় রয়েছে।


