গুসকরা কলেজে যোগ প্রশিক্ষণ বিভাগের শুভারম্ভ | বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হল যোগ দিবস | আমার পাঠশালায় যোগ দিবস পালন


1
গুসকরা কলেজে যোগ প্রশিক্ষণ বিভাগের শুভারম্ভ

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে ও মাই ভারত পূর্ব বর্ধমানের সহযোগিতায় গুসকরা মহাবিদ্যালয়ে তিন শতাধিক ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষদের নিয়ে যোগ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অধ্যক্ষ সুদীপ চ্যাটার্জী ও পৌরপ্রধান কুশল মুখোপাধ্যায় । এদিন এই কলেজে একটি পৃথক যোগ প্রশিক্ষণ বিভাগের শুভারম্ভ হয়। অধ্যক্ষ বলেন, এরফলে ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে। যোগ তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহযোগিতা করবে। আয়োজকদের তরফে সন্দীপন সরকার জানান, গুসকরা ছাড়াও জামালপুর মহাবিদ্যালয় , তেহট্ট সদানন্দ মহাবিদ্যালয়ে ও শরৎ সেন্টেনারী কলেজেও সর্বমোট সহস্রাধিক ছাত্র-ছাত্রী এদিনের যোগ শিবিরে অংশ নেয়। এই শিবির থেকে নিত্য যোগ ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকার বার্তা দেওয়া হয়। কলেজগুলির দত্তক গ্রামের বাসিন্দা ও আশপাশের স্কুলের পড়ুয়ারাও এই যোগ শিবিরে অংশ নেয়। সন্দীপন বলেন, যোগের প্রসার সাধনের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ গ্রহণ।

2
বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে পালিত হল যোগ দিবস

ভারতের সনাতন ঐতিহ্যের মধ্যে যোগ একটি। যোগ আসলে বিশ্বের কাছে ভারতের উপহার। সুপ্রাচীনকালে পতঞ্জলি লিখেছিলেন যোগসূত্র। ক্রমে ক্রমে পল্লবিত হয়ে তা আজ সর্বত্র প্রসারিত। যা ভারতীয়দের কাছে অত্যন্ত গর্বের। প্রসঙ্গত ,২১ জুন ছিল আন্তর্জাতিক যোগ দিবস।
সারা দেশের সঙ্গে কাঞ্চননগর ডিএন দাস হাইস্কুলে এই দিনটি যথাযথ মর্যাদা সহকারে পালন করা হয়। বিদ্যালয়ের সহশিক্ষক অনিমেষ বর্মন প্রায় প্রতি ক্লাসে গিয়ে যোগ অভ্যাস করেন। যোগ দিবসে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রীরা যোগাসন প্রদর্শন করে। সপ্তম শ্রেণীর হেমা, অষ্টম শ্রেণীর সুজিত জানায়, তারা নিয়মিত যোগ অভ্যাস করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত জানান, প্রাক্তন কিছু ছাত্রছাত্রীও যোগ অভ্যাসে দক্ষ এবং রাজ্যে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। তিনি আরও বলেন, যোগ শুধু একটি বিশেষ দিনের নয়, নিত্যদিনের সর্ব কর্মে যোগ আমাদের সঙ্গী। যোগ দিবস উপলক্ষ্যে তিনি সকলকে অভিনন্দন জানান। ছাত্র-
ছাত্রীদের নিয়মিত যোগ ব্যায়াম করার পরামর্শ দেন। তিনি বলেন, এতে শরীর এবং মন দুটোই সুস্থ থাকে।

3
আমার পাঠশালায় যোগ দিবস পালন

বর্ধমানের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা আমার পাঠশালার উদ্যোগে বর্ধমান নবাবহাট সংলগ্ন তালপুকুরে আমার পাঠশালা প্রাঙ্গণে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। অনুষ্ঠানে পাঠশালার শিশুদের যোগব্যায়াম অনুশীলন করানোর পাশাপাশি পাঠশালার পুষ্টির দিশা কর্মসূচীর মাধ্যমে ৫০ জন সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের মধ্যে আম, কলা, খেজুর, লাড্ডু সহযোগে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয় l এদিন পাঠশালার শিশুরা খুব আনন্দের সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করে। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শিপ্রা ঘোষ, ছোট্ট অতিথি মেহনাজ সুলতানা এবং আমার পাঠশালার সদস্যবৃন্দ। এ বিষয়ে তারা তাদের মতামতও জানান। আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক বলেন, এই সংস্থার পক্ষ থেকে শিশুদের উপস্থিতিতে আমরা এই বিশেষ দিনগুলি মর্যাদা সহকারে পালন করি। শিশুদের কাছে এই দিবসগুলির তাৎপর্য তুলে ধরা হয়।