1
খন্ডঘোষে শিশু আলয়ের পাশে দাঁড়ালো রোটারি ক্লাব
রোটারি ক্লাব অফ বর্ধমানের পক্ষ থেকে খণ্ডঘোষ ব্লকের একটি সক্ষম শিশু আলয়ের শিশুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হলো। রোটারির পক্ষ থেকে এখানকার বাচ্চাদের জন্য পুষ্টিকর ভালো ভালো খাবার সহ তাদের ব্যবহারের উপযোগী সুন্দর ডাইনিং টেবিল ও একটি এলইডি টিভি দেওয়া হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, রোটারি ক্লাব অফ বর্ধমানের সভাপতি ডক্টর সায়িদা পারভিন, সম্পাদক রিয়া ঘোষ, কোষাধ্যক্ষ দেব কুমার, সদস্য প্রসেনজিৎ ভট্টাচার্য প্রমুখ। একইসঙ্গে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের এই প্রজেক্টের সিডিপিও লালের শর্মা, খণ্ডঘোষ আইসিডিএস প্রজেক্টের সুপারভাইজার পারভিন সুলতানা, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিদ্যুৎকান্তি মল্লিক প্রমুখ। রোটারি ক্লাবের এই মাহতী উদ্যোগের প্রশংসা করেন অপার্থিব ইসলাম। তিনি এইভাবে এখানে পাঠরত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। সরকারের পাশাপাশি এই ধরনের বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের এক্ষেত্রে আরও ভূমিকা গ্রহণ অত্যন্ত জরুরি বলেই উল্লেখ করেন অপার্থিব। রোটারি ক্লাবের পক্ষ থেকে বলা হয়, তারা আগামী দিনে এখানকার বাচ্চাদের জন্য আরও উন্নত মানের প্রোটিনযুক্ত খাবার প্রদানের ব্যবস্থা করবেন। এছাড়া তাদের পড়াশোনার ক্ষেত্রেও সহযোগিতা করা হবে।
2
বি ডি এ-র নতুন চেয়ারম্যানকে সম্বর্ধনাজ্ঞাপন
বিডিএ অর্থাৎ বর্ধমান উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হয়েছেন জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক। তাকে বর্ধমান ২৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হলো। স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিকের নেতৃত্বে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ও সম্বর্ধনা জ্ঞাপন করেন মাদার অর্গানাইজেশন তৃণমূল কংগ্রেস সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা। তার হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হয়। সম্বর্ধনার প্রত্যুত্তরে উজ্জ্বল প্রামাণিক বলেন, এই ওয়ার্ডের বাসিন্দারা আমায় ও আমার পরিবারকে যেভাবে ভালোবাসেন, সম্মান করেন তা বলে বোঝানোর নয়। তাদের সেই ভালোবাসার বহিঃপ্রকাশ এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি আবারও অনুভব করলাম। আমি চেষ্টা করবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করার। উন্নয়নের লক্ষ্যেই আগামী দিনে বর্ধমান উন্নয়ন পর্ষদকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমি।


