ক্যামরি হসপিটালের ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে অনুষ্ঠান | জামালপুরে চলছে পাড়ায় সমাধান কর্মসূচী


1
ক্যামরি হসপিটালের ২৫ বছরে পদার্পণ উপলক্ষ্যে অনুষ্ঠান

বর্ধমানের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ক্যামরি হসপিটাল ২৫ বছরে পদার্পণ করছে। আগামী ৯ আগস্ট এই প্রতিষ্ঠানের ফাউন্ডেশন ডে। এই উপলক্ষ্যে তিনদিন ব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে এক সাংবাদিক সভায় ক্যামরি হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ৭ আগস্ট দুপুরে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। অন্যদিকে ৮ আগস্ট বেলা বারোটা নাগাদ সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছে। এই সম্বর্ধনা সভায় সারা বছর যে সমস্ত সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে তাদের সম্বর্ধিত করা হবে। এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বর্ধমান ক্লাব প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে অংশ নেবেন হাসপাতালের সঙ্গে যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সকলেই। ৯ আগস্ট সকালে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই পদযাত্রা থেকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সচেতনতার বার্তা দেওয়া হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। (পজ্)

2
জামালপুরে চলছে পাড়ায় সমাধান কর্মসূচী

পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচী। এরজন্য প্রশাসন ও জনপ্রতিনিধিরা একদম পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন। সেখানে তারা সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন। প্রতিটি মানুষ সরকারি পরিষেবা সঠিক ভাবে পাচ্ছে কিনা দেখছেন এবং সঙ্গে সঙ্গে সমাধান করার চেষ্টা করছেন। পূর্ব বর্ধমানের জামালপুরেও শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচী। জামালপুর ১ পঞ্চায়েতের বত্রিশবিঘা প্রাথমিক বিদ্যালয় ও জামালপুর ২ পঞ্চায়েতের কালনা কাঁশরা নিম্ন বুনিয়াদি স্কুলে পাড়ার সমাধানের ক্যাম্প করা হয়। বত্রিশবিঘা প্রাথমিক বিদ্যালয়ে মডেল পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করেন দুই জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ ও রুদ্রেন্দু নন্দী, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। অপরদিকে জামালপুর ২ পঞ্চায়েতের পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করেন এ ডি এম এল আর বিশ্বরঞ্জন মুখার্জী,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও রাহুল বিশ্বাস, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, দুই জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ ও রুদ্রেন্দু নন্দী,পঞ্চায়েত প্রধান মিঠু পাল সহ অন্যান্যরা। পরবর্তীতে এলাকার বিধায়ক অলোক কুমার মাঝিও ক্যাম্পগুলি পরিদর্শন করে দেখেন। সেখানে মানুষের সঙ্গে কথা বলেন। আধিকারিকরাও এলাকার মানুষের সাথে কথা বলেন।
মেহেমুদ খান বলেন, সারা দেশের মধ্যে নজির সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের এই মা মাটি মানুষের সরকার। মানব কল্যাণে মুখ্যমন্ত্রী ৯০ টির বেশি জনমুখী প্রকল্পকে কার্যকর করেছেন রাজ্যে। (পজ্)