ওয়ার্ডে পাড়া বৈঠক, বাড়ি বাড়ি প্রচারে মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারের কাজ বহু পূর্বেই শুরু হয়েছে। ১৭ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই পথে নেমে প্রচারকার্য চালিয়ে যাচ্ছেন এই ওয়ার্ডের তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা। এই প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন স্থানীয় কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দোপাধ্যায়। তিনি জানান, ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের মহিলা কর্মীরা সংঘবদ্ধভাবে প্রতিদিন ওয়ার্ডে মানুষের বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। কেন সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা জ্ঞাপন করবেন সে বিষয়ে তাদের অবহিত করছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার মধ্যে দিয়ে ওয়ার্ডে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার বার্তাও তারা দিচ্ছেন। শ্যামাপ্রসাদ বলেন, এর পাশাপাশি ছাত্ররা, যুবরা এবং দলের প্রবীণ সদস্যরা প্রত্যেকেই সংগঠিতভাবে ওয়ার্ডে প্রচার কার্য চালাচ্ছেন। তিনি নিজেও তাদের সঙ্গে অংশ নিচ্ছেন। অন্যদিকে আবার প্রত্যেকদিন সন্ধ্যায় দুটি করে পাড়া বৈঠক করা হচ্ছে। ৩০ টি করে বাড়িকে বেছে নিয়ে তাদের সদস্যদের একত্রিত করে এই পাড়া বৈঠক চলছে। এদের সকলের কাছে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করানোর বার্তা দেওয়া হচ্ছে। স্থানীয় এলাকার উন্নয়নের কথা তুলে ধরা হচ্ছে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের বিষয়েও এলাকার বাসিন্দাদের বলা হচ্ছে।


