এসআইআর নিয়ে জামালপুরের প্রতিটি অঞ্চলে তৃণমূলের সহায়তা ক্যাম্প


এসআইআর নিয়ে জামালপুরের প্রতিটি অঞ্চলে তৃণমূলের সহায়তা ক্যাম্প

ইতিমধ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর-এর কাজ। বিএলও – রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবার কাজ শুরু করেছেন। তাদের সঙ্গে দলীয় নির্দেশে থাকছেন বিএলএ ২ রা। এদিকে দ্বিতীয় দিনে জামালপুরে হলো এসআইআর – এর কাজ। দলের নির্দেশে এখানে প্রতিটি অঞ্চলে অঞ্চলে ক্যাম্প অফিস করা হয়েছে। সেখানে সাধারণ মানুষদের সাহায্য ও পরিষেবা দিতে উপস্থিত থাকছেন অঞ্চল সভাপতি সহ অঞ্চলের নেতৃত্বরা। প্রতিটা অঞ্চলের ক্যাম্প ঘুরে ঘুরে তদারকি করছেন ব্লক সভাপতি মেহেমুদ খান। এদিকে ৫ নভেম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের ক্যাম্প অফিসগুলো সরেজমিনে ঘুরে দেখলেন সাংসদ ডাঃ শর্মিলা সরকার, বিধায়ক অলোক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহেমুদ খান। তারা পারাতল ১ ও ২ অঞ্চল, জৌগ্রাম , আবুজহাটি ১ ও ২ অঞ্চলে যান। সেখানে ক্যাম্পে উপস্থিত থাকা সমস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধা জানতে চান এবং ফর্ম ফিলাপ করতে সাহায্য করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ওই অঞ্চলের অঞ্চল সভাপতি মৃণালকান্তি ঘোষ, আনোয়ার সরকার, মৃদুল কান্তি মন্ডল, তরুণ কান্তি ঘোষ, রমেন্দ্রনাথ কোনার, প্রধান উপ প্রধান সহ অন্যান্যরা। সাংসদ সকলের উদ্দেশ্যে বলেন, কেউ অযথা ভয় পাবেন না। অনেকেই হয়তো ফর্ম ঠিক ভাবে বুঝতে পারবেন না। সেই জন্যই এই ক্যাম্প করা হয়েছে। আপনাদের সহযোগিতা করার জন্য এই আয়োজন। তিনি বলেন, একজনও বৈধ ভোটার যদি বাদ যান তাহলে তারা অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, একটিও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তারজন্য সদা সতর্ক থাকছেন বিএলএ ২ রা। সর্বোপরি তারাও নজর রাখবেন। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন, দ্বিতীয় দিনে তিনি বিভিন্ন অঞ্চলে বেরিয়েছেন। এদিন সাংসদ ম্যাডাম ব্লকে এসেছেন। রয়েছেন বিধায়কও। সকলে মিলে তারা আজ বিভিন্ন অঞ্চলে ক্যাম্পগুলি ঘুরে দেখে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন।