1
আমার পাঠশালায় আনন্দদায়ক পাঠদান কর্মসূচী
বর্ধমান শহরের নবাবহাট সংলগ্ন তালপুকুর এলাকায় পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত শিশুদের সারা বছরই পাঠদান করে থাকেন আমার পাঠশালা কর্তৃপক্ষ। এবার সেই শিশুদের প্রোজেক্টরের মাধ্যমে খেলার ছলে শিক্ষাদানের উদ্যোগ নেওয়া হল। এখানে থাকা শিশুরা খুব আনন্দের সঙ্গেই এই পাঠদানের কর্মসূচীতে অংশগ্রহণ করে। এর পাশাপাশি এখানকার বয়স্ক সাক্ষরতা কর্মসূচীতে অংশগ্রহণকারী প্রবীণদের নিয়ে বিশ্ব তামাক বর্জন দিবসকে কেন্দ্র করে, তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে একটি সচেতনতা শিবিরও অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকার প্রবীণরা এই কর্মসূচীতে অংশ নেন ও মূল বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। এ প্রসঙ্গে আমার পাঠশালার সম্পাদক সন্দীপ পাঠক বলেন, আমরা এখানকার শিশুদের খেলার ছলে শিক্ষাদানের বিষয়টিকে প্রাধান্য দিয়ে আনন্দদায়ক পাঠদান কর্মসূচীকে সফল করতে চেয়েছি। এই উদ্যোগ অনেকটাই সফল হয়েছে। এ প্রসঙ্গে উপস্থিত শিক্ষারত্ন সম্মানপ্রাপ্ত শিক্ষক পলাশ চৌধুরী বলেন, মূলত এই ধরনের শিক্ষাদান শিশুদের অনেক বেশি করে আকৃষ্ট করে। তারা অনেকটাই সহজভাবে তাদের পাঠ্য বিষয়টি উপলব্ধি করতে পারে। আমার পাঠশালার সহ-সভাপতি মোশারফ হোসেন এই কর্মসূচীর সার্বিক সাফল্য কামনা করেন। পলাশ চৌধুরীর পরিচালনায় এদিনের এই আনন্দদায়ক পাঠদান কর্মসূচী এখানে আগত শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও আকৃষ্ট করে।
2
রাজ্যে তাঁতিদের কাছ থেকে এক কোটি টাকার শাড়ি কিনবে তন্তুজ
সারা রাজ্যের তাঁতিদের কাছ থেকে প্রায় এক কোটি টাকার শাড়ি কিনবে তন্তুজ। এমনটাই জানিয়েছেন তন্তুজের এমডি রবীন্দ্রনাথ রায়। পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার ধাত্রীগ্রামে সরকারি তাঁতের হাট পরিদর্শনে এসে একথা জানান তিনি। তন্তুজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় তাঁতশিল্পীরা। তাদের কথায়, দুর্গাপুজোর আগে যদি এই শাড়ি কেনা হয় তাহলে তারা আর্থিকভাবে যথেষ্টই উপকৃত হবেন। পুজোয় তাদের বাড়তি কেনাকাটা হয় ঠিক কথা। কিন্তু সরকারি কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে শাড়ি কেনা হলে তারা অনেকটাই সুবিধা পাবেন। এ প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠনের পর থেকেই তাঁতিদের নানাভাবে তিনি সহযোগিতা করে চলেছেন। তারই প্রচেষ্টায় নানান সরকারি প্রকল্পের সুবিধা এখন তাঁত শিল্পীরা পাচ্ছেন। তন্তুজ কর্তৃপক্ষ যে উদ্যোগ গ্রহণ করেছেন তা এখানকার তাঁতি ভাইদের আর্থিক শ্রীবৃদ্ধির পক্ষে সহায়ক হবে। তাঁত শিল্পীরা লাভবান হবেন।


